News Of The Day

দক্ষিণবঙ্গে মমতা, উত্তরবঙ্গে অভিষেক। রাজ্যে অমিত শাহ ও রাহুল গান্ধী। আবার নামছে কেকেআর। নজরে কী

বাংলা নববর্ষের আগের দিন রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে রাজ্যের একাধিক জেলায় জোরকদমে প্রচারে নামছেন শাসক শিবিরের শীর্ষ নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০৭:৫৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বাংলা নববর্ষের আগের দিন রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে রাজ্যের একাধিক জেলায় জোরকদমে প্রচারে নামছেন শাসক শিবিরের শীর্ষ নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি ঘাটাল, তমলুক ও হাওড়া সদরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারে রোড শো করবেন। পাশাপাশি, ময়নাগুড়িতে করবেন জনসভা।

ভোটের প্রচারে আজ ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জেলায় জেলায় ঘুরে জনসভা এবং রোড শো করবেন তিনি। আজ তাঁর তিনটি জনসভা রয়েছে— দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, মালদহের মানিকচক এবং গাজোলে। তার আগে উত্তর দিনাজপুরে একটি রোড শো-ও করবেন তিনি। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

Advertisement

আজ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার শুরু করবেন লোকসভার দলনেতা রাহুল গান্ধী। প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই দফায় উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং মালদহের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও জনসভা করবেন তিনি। বেলা ১১টায় তাঁর প্রথম সভা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে। দুপুর ১টায় মালদহের চাঁচলের কালামবাগানের মাঠে দ্বিতীয় সভা। রাহুলের শেষ সভাটি হবে বিকেল ৩টেয়। মুর্শিদাবাদের শামসেরনগরের কৃষিমন্ডি মাঠে।

আইপিএলে আজ আবার নামছে কলকাতা নাইট রাইডার্স। বিপক্ষে চেন্নাই সুপার কিংস। অজিঙ্ক রাহানের কেকেআরই এক মাত্র দল, যারা এ বার এখনও একটিও ম্যাচ জেতেনি। আজ পঞ্চম ম্যাচ খেলতে নামছে তারা। চারটি ম্যাচ খেলে তিনটি হেরেছে। একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। অন্য দিকে সিএসকেরও এটি পঞ্চম ম্যাচ। তারা শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় পেয়েছে। ফলে কিছুটা হলেও আত্মবিশ্বাসী তারা। তার উপর নিজেদের ঘরের মাঠে খেলার সুবিধা পাবে চেন্নাই। ফলে কঠিন লড়াই রাহানেদের। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

আজ থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এ ছাড়া, দক্ষিণের সব জেলাতেই গরম বাড়বে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তিও বজায় থাকবে। আপাতত স্বস্তির কোনও পূর্বাভাস নেই। তবে পশ্চিমের এই জেলাগুলিতে গরমের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিও হতে পারে।

ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার পরে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে। যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে, তা নিয়েও সংশয় জাগছে অনেকের মনে। হরমুজ় প্রণালীতে সোমবার বিকেল থেকে ‘অবরোধ’ শুরু করেছে আমেরিকা। পশ্চিম এশিয়ার এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে আজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement