News Of The Day

বিভিন্ন দলের নানান তর্কবিতর্ক। রাজ্য প্রশাসনে কি আবার কোনও বদলি। জয়ে ফিরবে কি মোহনবাগান। আর কী

ভোট ঘোষণার পরেই একে একে প্রার্থিতালিকা প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূল ইতিমধ্যে ২৯১টি আসনে প্রার্থীর নাম জানিয়ে দিয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থিতালিকা ঘোষণা করেছে বিজেপি এবং সিপিএম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৮:০৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

ভোট ঘোষণার পরেই একে একে প্রার্থিতালিকা প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূল ইতিমধ্যে ২৯১টি আসনে প্রার্থীর নাম জানিয়ে দিয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থিতালিকা ঘোষণা করেছে বিজেপি এবং সিপিএম। কংগ্রেস এখনও কোনও তালিকা প্রকাশ্যে আনেনি। কোন কেন্দ্র থেকে কোন দলের টিকিটে কে ভোটে লড়বেন, তা নিয়ে দিন দিন জল্পনা জোরালো হচ্ছে। যাঁরা টিকিট পাননি, তাঁরা জেলায় জেলায় বিক্ষুব্ধ। দলের বিরুদ্ধে ক্ষোভ, অভিমান উগরে দিচ্ছেন। তৃণমূল ছেড়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে আইএসএফ-এ যোগ দিয়েছেন আরাবুল ইসলাম। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

গত রবিবার ভোটঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে প্রশাসনের শীর্ষ স্তরের আমলা ও পুলিশের শীর্ষকর্তাদের অপসারণ করছে কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ অনেক আধিকারিককে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বদল করা হয়েছে একাধিক জেলার জেলাশাসককেও। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বৃহস্পতিবার ফের চিঠি লিখেছেন তিনি।

Advertisement

আইএসএলে আজ আবার নামছে মোহনবাগান। বিপক্ষে মুম্বই সিটি এফসি। এটি সবুজ-মেরুনের ষষ্ঠ ম্যাচ। চারটি জিতে এবং একটি ড্র করে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস-জেমি ম্যাকলারেনরা। গত ম্যাচে বেঙ্গালুরুর কাছে আটকে গিয়েছে মোহনবাগান। গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। যুবভারতীতে কি জয়ে ফিরবে শুভাশিস বসুর দল? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি কোন পথে এগোচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে আমেরিকা এবং ইজ়রায়েলের সমন্বয় নিয়েও। বুধবার ইরানের প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা করেছে ইজ়রায়েল। তবে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, আমেরিকা ওই হামলার বিষয়ে আগে থেকে কিছুই জানত না। আমেরিকাকে না জানিয়েই হামলা করেছে ইজ়রায়েল। ভবিষ্যতে ইজ়রায়েল এমন করবে না, সেই কথাও বলেছেন ট্রাম্প। যদিও তত ক্ষণে কাতারের প্রাকৃতিক গ্যাসের এক অন্যতম বড় ঘাঁটিতে প্রত্যাঘাত করে দেয় ইরান। এ অবস্থায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে আজ।

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে। ঝড়ের গতি পৌঁছে যেতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে উত্তরের জেলাগুলিতেও হতে পারে শিলাবৃষ্টি। আপাতত একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতাতেও বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি বা প্রবল ঝড়ের সম্ভাবনা এখনই নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement