News Of The Day

উত্তরবঙ্গে মমতা, নন্দীগ্রামে অভিষেক। সংসদের অধিবেশন। তিন দিন পর আইপিএল। আর কী কী নজরে

বুধবার উত্তরবঙ্গে মমতা এবং দক্ষিণবঙ্গে অভিষেক প্রচার করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে একটি জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৭:৫৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

মঙ্গলবার থেকে ভোটের প্রচার শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই পর্যায়ে আজ উত্তরবঙ্গে মমতা এবং দক্ষিণবঙ্গে অভিষেক প্রচার করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে একটি জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নন্দীগ্রামে পবিত্র করের সমর্থনে সভা করা ছাড়াও অভিষেক জনসভা করবেন দাসপুর এবং নারায়ণগড়ে। অন্য দিকে, মমতা প্রচারসভা করবেন ময়নাগুড়ি, জলপাইগুড়ি ও মাটিগাড়া-নকশালবাড়িতে। মোট ছ’টি আসনে প্রচার করবেন শাসকদলের এই দুই শীর্ষ নেতা।

সোমবার লোকসভায়, তার পরে মঙ্গলবার রাজ্যসভায় বক্তৃতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং ভারতের উপরে তার প্রভাব নিয়ে বক্তৃতা করেছেন তিনি। মোদী জানান, এই অস্থিরতার নেতিবাচক প্রভাব মোকাবিলার কৌশল নির্ধারণ করতে সাতটি ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠন করেছে কেন্দ্র। কোভিড-১৯ অতিমারি পর্বের মোকাবিলার জন্যও এমনই ক্ষমতাসম্পন্ন গোষ্ঠী গড়া হয়েছিল। এ নিয়ে আলোচনার জন্য আজ বিকেল ৫টায় সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। সংসদে দিনভর কী কী ঘটছে, সে‌ দিকে নজর থাকবে আজ।

Advertisement

আইপিএল শুরু হতে আর তিন দিন বাকি। তার আগে আজ ১০ অধিনায়ক একসঙ্গে মিলিত হবেন। মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে এই অনুষ্ঠান। শুরু হবে বেলা ১২টা থেকে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ফোটোশুট দিয়ে অনুষ্ঠান শুরু। মোট পাঁচ পর্বের অনুষ্ঠান শেষ হবে অধিনায়কদের বৈঠক দিয়ে। থাকছে সব খবর।

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

পশ্চিম এশিয়ায় সাড়ে তিন সপ্তাহ ধরে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। ইরানের সঙ্গে সংঘর্ষ চলছে আমেরিকা এবং ইজ়রায়েলের। আক্রমণ এবং প্রতি আক্রমণের মাঝেই সোমবার ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা শুরু হয়েছে। প্রাথমিক পর্বে আলোচনা ইতিবাচক বলেও দাবি করেন তিনি। যদিও ইরানের দাবি, আমেরিকার সঙ্গে তারা কোনও আলোচনাতেই বসেনি। এরই মধ্যে খবর ছড়ায়, পাকিস্তান, মিশর-সহ কিছু দেশ আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করাতে আগ্রহী হয়েছে। তবে এ সবের মধ্যে মঙ্গলবারও পশ্চিম এশিয়ায় অস্থিরতা বজায় ছিল। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement