News Of The Day

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক। রাজ‍্যসভার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি। সূর্যদের মরণ-বাঁচন ম্যাচ। আর কী কী

দুপুরে নবান্নে বসবে বৈঠক। প্রশাসনিক মহলের মতে, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে এটাই রাজ‍্য সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক। রাজ‍্যসভায় দেশের মোট ৩৭টি আসনের বিজ্ঞপ্তি জারি হবে আজ। ওই বিজ্ঞপ্তি জারি হলে পশ্চিমবঙ্গের পাঁচ আসনেও ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ মন্ত্রিসভার বৈঠক হবে। আজ দুপুরে নবান্নে বসবে এই বৈঠক। প্রশাসনিক মহলের মতে, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে এটাই রাজ‍্য সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক। তাই এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী বেশ কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন ।

রাজ‍্যসভায় দেশের মোট ৩৭টি আসনের বিজ্ঞপ্তি জারি হবে আজ। ওই বিজ্ঞপ্তি জারি হলে পশ্চিমবঙ্গের পাঁচ আসনেও ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় এ বিষয়ে সচিবালয় যেমন প্রস্তুতি শুরু করবে, তেমনই প্রস্তুতি শুরু করবে তৃণমূল পরিষদীয় দল। তাদের তরফে চার জন প্রার্থীর মনোনয়নপত্র তৈরি করার কাজ শুরু হবে। অন্য দিকে, বিজেপি পরিষদীয় দলও এ বিষয়ে শীর্ষ নেতৃত্বের নির্দেশে প্রস্তুতি শুরু করবে।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারতের মরণ-বাঁচন ম্যাচ। বিপক্ষে জ়িম্বাবোয়ে। সুপার এইট পর্বে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত। এই ম্যাচে হারলে কোণঠাসা হয়ে পড়বে সূর্যকুমার যাদবের দল। সে ক্ষেত্রে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে না গেলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। থাকবে নেট রানরেটের অঙ্কও। গৌতম গম্ভীর আজ দলে একাধিক বদলও করতে পারেন। ভারত-জ়িম্বাবোয়ে ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। তার আগে রয়েছে এই গ্রুপেরই আরও একটি ম্যাচ। মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই প্রথম ম্যাচে জিতেছে। ভারতকে হারিয়ে ফুটছে দক্ষিণ আফ্রিকা। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ় প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে জ়িম্বাবোয়েকে। এই ম্যাচ বিকেল ৩টে থেকে। দু’টি খেলাই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রঞ্জি ট্রফির ফাইনালে ভাল জায়গায় জম্মু ও কাশ্মীর। কর্নাটকের বিরুদ্ধে বড় রান গড়ার দিকে এগোচ্ছে তারা। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে তারা ৬ উইকেটে ৫২৭ রান তুলেছে। ওপেনার কামরান ইকবাল ছাড়া প্রত্যেকেই ৫০-এর উপর রান করেছেন। আজ তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

হাওড়ায় গোলাবাড়ি থানার পিলখানায় গুলি করে খুন করা হয়েছে এক প্রোমোটারকে। পরিবারের দাবি, দুষ্কৃতীদের ‘তোলা’র টাকা দিতে রাজি না-হওয়ায় ওই পরিণতি। সৌফিক খান নামে যুবকের খুনে উত্তপ্ত এলাকা। দোষীদের অবিলম্বে গ্রেফতার করা না-হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন স্থানীয়েরা। অন্য দিকে, সেখানে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সাংবাদিকদের। এখনও কেউ আটক বা গ্রেফতার হননি। পিলখানাকাণ্ডের দিকে নজর থাকবে আজ।

দু’দিনের সফরে বুধবার ইজ়রায়েলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সফরের দ্বিতীয় দিন। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ইতিমধ্যে বৈঠক সেরে নিয়েছেন মোদী। তাঁর সফর শুরুর আগেই ‘ষড়ভুজ জোটের’ কথা ঘোষণা করেন নেতানিয়াহু। এই জোটে ভারত ছাড়াও থাকবে গ্রিস এবং সাইপ্রাস। এ ছাড়াও, আরব, আফ্রিকা এবং এশিয়ার আরও কয়েকটি দেশকে এই জোটের অংশ করতে ইচ্ছুক নেতানিয়াহু। আজ ইজ়রায়েলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মোদী। তাঁর এই ইজ়রায়েল সফরের দিকে নজর থাকবে আজ।

পরমাণু চুক্তি নিয়ে ইরানকে ধারাবাহিক ভাবে চাপ দিয়ে যাচ্ছে আমেরিকা। পশ্চিম এশিয়ায় নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে পেন্টাগন। এরই মধ্যে আজ ফের এক দফা বৈঠকে বসছে দুই দেশ। বৈঠক হবে জেনেভায়। এ বারের বৈঠকেও মধ্যস্থতার দায়িত্ব রয়েছে ওমানের উপরে। দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি হলেও সামরিক উত্তেজনা কমেনি। বুধবারই ইজ়রায়েলের মাটিতে প্রায় ১২টি যুদ্ধবিমান নামিয়েছে আমেরিকা। অনুমান করা হচ্ছে, ইরানকে চাপে রাখতেই এই যুদ্ধবিমানগুলি পাঠানো হয়েছে। পশ্চিম এশিয়ার সার্বিক পরিস্থিতি এবং জেনেভা বৈঠকের দিকে নজর থাকবে আজ।

আজ উচ্চ মাধ্যমিকের ১১তম দিন। সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স ও সমাজবিদ্যার পরীক্ষা রয়েছে আজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement