News Of The Day

দক্ষিণবঙ্গে মমতা, উত্তরবঙ্গে অভিষেক, ভবানীপুরে শুভেন্দু। ইরান যুদ্ধ। সোম থেকে আবার ঝড়বৃষ্টি। আর কী নজরে

দক্ষিণবঙ্গে দু’টি জনসভা করবেন মমতা, ইরান এবং আমেরিকার সংঘাতে ইতি টানার ইঙ্গিত, দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৭:৫৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

রোজ ভোটের প্রচারে উত্তর ও দক্ষিণ মিলিয়ে একাধিক জনসভা করছেন তৃণমূলের দুই শীর্ষ নেতা-নেত্রী। রামনবমীর দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মোট পাঁচটি প্রচারসভা করবেন। আজ সেই পর্যায়ে দক্ষিণবঙ্গে দু’টি জনসভা করবেন মমতা। অন্য দিকে, উত্তরবঙ্গে তিনটি জনসভা করবেন অভিষেক। মমতার সভা পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে হবে। অভিষেক সভা করবেন কোচবিহারের নাটাবাড়ি, জলপাইগুড়ির ধূপগুড়ি এবং আলিপুদুয়ারের কালচিনিতে। আর রামনবমীতেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি কর্মসূচি হবে ভবানীপুরে। সেখানে রামনবমীর একটি মিছিলে অংশ নেবেন তিনি। মিছিলটি ভবানীপুরের পদ্মপুকুর এলাকা থেকে শুরু হয়ে শেষ হবে হাজরা মোড়ে। পরে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও একটি কর্মসূচি রয়েছে তাঁর।

সংঘর্ষ চলছে। হুঁশিয়ারিও চলছে। তবে এরই মধ্যে আলোচনার মাধ্যমে ইরান এবং আমেরিকার সংঘাতে ইতি টানার একটি সম্ভাবনাও উঁকি দিতে শুরু করেছে। মুখোমুখি আলোচনা হয়নি অবশ্য এখনও। তবে তৃতীয় পক্ষকে দিয়ে বার্তা চালাচালি শুরু হয়েছে। আলোচনার পূর্বশর্ত হিসাবে ইরানকে ১৫ দফা প্রস্তাব পাঠিয়ে দিয়েছে আমেরিকা। 'দূত' হয়ে সেই বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, দু'দেশ রাজি থাকলে মুখোমুখি বৈঠকেরও আয়োজন করতে তৈরি তারা। এ অবস্থায় আলোচনার পথ আরও প্রশস্ত হয় কি না, সে দিকে নজর থাকবে আজ।

Advertisement

দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তবে সোমবার থেকে ফের বৃষ্টি হতে পারে কলকাতা-সহ সব জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ কিছু জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় ঝড় হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। এ ছাড়া, উত্তরবঙ্গে সোমবার থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement