VB-G RAM G

ভিবি-জি রাম জি-তে ধাক্কা পশ্চিমবঙ্গের, জানালেন শিবরাজই

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্র ওয়াকিবহাল। পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রকের কোনও শীর্ষ কর্তা যেতে পারেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৭:২১
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

জনরোষের ফলে প্রায় দু’হাজারের কাছাকাছি তৃণমূল প্রধান-উপপ্রধান অনুপস্থিত। তাই রাজ্যে শুরুটা ভাল হল না বিকশিত ভারত জি রাম জি প্রকল্পের (ভিবি-জি রাম জি)। আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান রাজ্যগুলির জন্য ওই প্রকল্পের অর্থ মঞ্জুর করে বলেন, পশ্চিমবঙ্গকে যে গ্রাম পঞ্চায়েতগুলিতে কাজ শুরু হয়নি সেখানে দ্রুত কাজ শুরু করতে হবে। একই ভাবে বিজেপি শাসিত ওড়িশার কাজের খতিয়ান দুশ্চিন্তায় রেখেছে শিবরাজকে। প্রতিবেশী আর এক রাজ্য ঝাড়খণ্ড এখনও ওই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করে উঠতে পারেনি। সব মিলিয়ে দেশের অন্যত্র ভিবি-জি রাম জি সফল ভাবে শুরু হলেও, কেন্দ্রকে চিন্তায় রাখল পূর্ব ভারতের রাজ্যগুলি।

বিকশিত ভারত জি রাম জি প্রকল্প শুরুর পাঁচ দিনের মাথায় আজ ওই প্রকল্পের আওতায় থাকা জব কার্ড হোল্ডারেরা যাতে দ্রুত টাকা পান সে জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রথম কিস্তিতে ২৫,৮৬৩ কোটি টাকা বরাদ্দ করেছে নরেন্দ্র মোদী সরকার। যার মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ১২৬৪.৪৯ কোটি টাকা। আজ কৃষি ও গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে বলেন, পাঁচ দিনের মাথায় প্রকল্পের প্রথম কিস্তির টাকাদেওয়ার লক্ষ্য হল রাজ্যগুলির কাছে পর্যাপ্ত অর্থ নিশ্চিত করা যাতে শ্রমিকদের মজুরি ১৫ দিনের মধ্যে দেওয়া যায়। তিনি রাজ্য সরকারগুলিকে তাদের নিজস্ব অংশের অর্থ সময় মতো ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

দেশ জুড়ে সফল ভাবে চালু হলেও পশ্চিমবঙ্গে ওই প্রকল্প রূপায়ণে সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিবরাজ। সম্প্রতি দিল্লি সফরে এসে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়ে গিয়েছিলেন মূলত জনরোষের ভয়ে প্রায় দু’হাজারের কাছাকাছি তৃণমূল পরিচালিত গ্রামপ্রধান-উপপ্রধান কাজে আসছেন না। ফলে জব কার্ড দেওয়া, ওই প্রকল্পের আওতায় কী ধরনের কাজ হবে তা নিশ্চিত করার মতো যাবতীয় প্রশাসনিক কাজবন্ধ রয়েছে।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্র ওয়াকিবহাল। পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রকের কোনও শীর্ষ কর্তা যেতে পারেন। প্রয়োজনে অনুপস্থিত পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ শিবরাজ সিংহ এ প্রসঙ্গে বলেন, প্রথম সপ্তাহেই বহু গ্রাম পঞ্চায়েতে বিঘ্ন ছাড়াই কাজ শুরু হয়েছে এবং লক্ষাধিক গ্রামীণ শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। শিবরাজের দাবি, অন্ধ্রপ্রদেশ, কেরল, রাজস্থান শুরু থেকেই বিপুল কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের বহু গ্রাম পঞ্চায়েতে দ্রুত কাজ শুরু করার আহ্বান জানান তিনি।

শিবরাজ বলেন, ‘‘মনরেগা সারা দেশে কার্যকর হতে প্রায় তিন বছর সময় লেগেছিল, সেখানে ভিবি-জি রাম জি প্রকল্প সারা দেশে এক দিনে সফল ভাবে চালু করা গিয়েছে।’’ এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য, সরকার জনরোষের ভয়ে কাজে না আসা প্রধান-উপপ্রধানদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। আশা করা হচ্ছে দ্রুত সমস্যা মিটে যাবে।

তৃণমূল আমলে রাজ্য সরকারের মূল অভিযোগ ছিল কেন্দ্র ছলে-বলে রাজ্যের অধিকারের অর্থ আটকে রেখেছে। কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার হওয়ায় কেন্দ্র এ যাত্রায় ১২৬৪ কোটি টাকা বরাদ্দ করেছে। মন্ত্রীর দাবি, ভিবি-জি রাম জি প্রকল্পে দৈনিক মজুরি বাড়িয়ে ন্যূনতম মজুরি ৩০০ টাকার উপরে করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন