Samik Bhattacharya

রাজ্যে লগ্নি নিয়ে কথা বলতে দিল্লিতে শমীক

শমীকের দিল্লির সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও রাজ্য বিজেপির একটি সূত্রের দাবি, সব কিছু ঠিক থাকলে আগামিকাল বা সপ্তাহান্তের মধ্যেই মন্ত্রক বণ্টন হয়ে যাবে। তা যদি না হয়, তা হলে ধরে নিতে হবে, বিষয়টি নিয়ে দলের মধ্যে ভাল রকম মতপার্থক্য রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ০৬:২৯
Share:

শমীক ভট্টাচার্য। —ফাইল চিত্র।

দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে আজ রাতে দিল্লি এলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সূত্রের মতো সব কিছু ঠিক থাকলে, দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি, একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও বাংলার বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন তিনি।

গত সোমবার পশ্চিমবঙ্গে শপথ নেন ৩৫ জন মন্ত্রী। কিন্তু এখনও তাঁদের মন্ত্রক বণ্টন করা হয়নি। বিজেপির একটি সূত্রের মতে, যে ভাবে বিভিন্ন জেলা থেকে মন্ত্রী বেছে নেওয়া হয়েছে, তা নিয়ে দলের মধ্যেই ক্ষোভ রয়েছে। কিছু জেলার প্রতিনিধিত্ব না থাকা, আবার কিছু জেলাকে অতিরিক্ত প্রাধান্য দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে দলের মধ্যে। দিন দু’য়েক আগে ঝটিকা সফরে দিল্লি এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের মতে, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও, কে কোন মন্ত্রক পাবেন, তার একটি তালিকাও তিনি জমা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের কাছে। সূত্রের মতে, মন্ত্রিত্ব ঘিরে মতপার্থক্যের বিষয়টি ভাবাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বকেও। তাই গোড়াতেই এ ধরনের মনোমালিন্য মিটিয়ে এগোনোর পক্ষপাতী কেন্দ্রীয় নেতৃত্ব।

এই আবহে শমীকের দিল্লির সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও রাজ্য বিজেপির একটি সূত্রের দাবি, সব কিছু ঠিক থাকলে আগামিকাল বা সপ্তাহান্তের মধ্যেই মন্ত্রক বণ্টন হয়ে যাবে। তা যদি না হয়, তা হলে ধরে নিতে হবে, বিষয়টি নিয়ে দলের মধ্যে ভাল রকম মতপার্থক্য রয়েছে।

আগামী সোমবার আয়ুষ্মান ভারত প্রকল্প সরকারি ভাবে পশ্চিমবঙ্গে চালু করার প্রশ্নে মউ সাক্ষর করতে দিল্লি আসছেন মুখ্যমন্ত্রী। সে ক্ষেত্রে বিষয়টি নিয়ে ফের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি। একটি সূত্রের মতে, কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব (যেমন অর্থ, বাণিজ্য, শিল্প) কার হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্তহীনতাই চলতি দীর্ঘসূত্রতার কারণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন