CM Suvendu Adhikari

নিয়োগ দুর্নীতিতে রাজ্যের অনেক বদনাম হয়েছে! বদলাতে হবে এই ভাবমূর্তি, শিয়ালদহের রোজগার মেলায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকারের আমলে আগামী দিনে সরকারি স্তরে এবং সরকারপোষিত বিভিন্ন সংস্থায় নিয়োগ নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ নিয়ে নতুন আইন আনা হবে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১১:৩৯
Share:

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের অনেক বদনাম হয়ে গিয়েছে। শুধু তা-ই নয়, এ রাজ্যের ভাবমূর্তিও নষ্ট হয়েছে। তাই আগামী দিনে এই ভাবমূর্তি থেকে রাজ্যকে বার করে আনতে হবে। শনিবার শিয়ালদহে রোজগার মেলার অনুষ্ঠানে এসে এ কথাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যে পালাবদল হয়েছে। ভোটের আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় আসার পর তা এক এক করে পূরণের কাজ শুরু করে দিয়েছে শুভেন্দুর সরকার। এ বার নিয়োগ নিয়েও যে সরকার বড় ধরনের চিন্তাভাবনা শুরু করেছে, শনিবার তা রোজগার মেলার মঞ্চ থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ১০ লক্ষ চাকরি প্রদানের অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও দেশের মোট ৪৭টি স্থানে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা থেকেই ৫১ হাজার জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয় শনিবার।

শিয়ালদহের রোজগার মেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘‘আপনারা জানেন পশ্চিমবঙ্গের বদনাম হয়ে গিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি, হাই কোর্ট, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বাতিল। নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্যের অনেক ক্ষতি হয়েছে।’’ তার পরই তিনি জানান, বর্তমান সরকারের আমলে আগামী দিনে সরকারি স্তরে এবং সরকারপোষিত বিভিন্ন সংস্থায় নিয়োগ নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ নিয়ে নতুন আইন আনা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু।

Advertisement

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রেল, আধাসামরিক বাহিনী এবং বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে কেন্দ্রীয় সরকার যে উদ্যোগী হয়েছে, কেন্দ্রের দেখানো সেই পথেই পশ্চিমবঙ্গে হাঁটবে ডবল ইঞ্জিন সরকার। রাজ্যে যে লিখিত পরীক্ষা হয়, সেই পরীক্ষার ওএমআরের কার্বন কপি প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়া উচিত বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআরের কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া।’’ এর পরই তাঁর কণ্ঠে আক্ষেপ শোনা যায়, পশ্চিমবঙ্গকে নিয়ে অনেক আশা ছিল, সেটা গত কয়েক বছরে ধ্বংস হয়ে গিয়েছে। নিয়োগ দুর্নীতিতে রাজ্যের অনেক বদনাম হয়ে গিয়েছে। স্বচ্ছতার সঙ্গে যাতে পরীক্ষা এবং নিয়োগ হয়, তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement