রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। —ফাইল চিত্র।
নারী নির্যাতন নিয়ে কড়া অবস্থানের কথা ঘোষণা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দিনকয়েক আগে নরেন্দ্রপুর থানা এলাকায় এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনায় পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত বৃদ্ধ এখনও ধরা পড়েনি। সোমবার সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলার সুপারের দফতরে এসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা। পাশাপাশি, পুলিশের সঙ্গে বৈঠকও করেন।
পরে অগ্নিমিত্রা বলেন, “অপরাধী যাতে দ্রুত ধরা পড়ে, সে ব্যাপারে পুলিশ পদক্ষেপ করবে। পাশাপাশি আমি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইব।” এই প্রসঙ্গেই নারী নির্যাতন নিয়ে নতুন সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। যে কোনও পরিস্থিতিতেই জ়িরো এফআইআর নিতে হবে বলে জানিয়ে দেন অগ্নিমিত্রা। নির্যাতিতা বা তাঁর পরিবারের প্রতি সংবেদনশীল থাকার আবেদন জানান। অভিযুক্তের ক্ষেত্রে দল বা ধর্ম দেখা যাবে না বলে জানান মন্ত্রী। নারী নির্যাতন কমাতে দৃষ্টান্তমূলক শাস্তি, নাবালিকাদের ক্ষেত্রে বাবা-মায়ের প্রশিক্ষণের কথাও বলেন তিনি।
পুলিশ জানিয়েছে, নরেন্দ্রপুরের ঘটনায় অভিযুক্তের খোঁজ চলছে। বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার বলেন, “বিভিন্নবিষয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। উনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন। জ়িরো এফআইআর-সহ নানা বিষয়ে মন্ত্রীর পরামর্শ দ্রুত কার্যকর করা হবে।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে