টুকরো খবর

বৃহস্পতিবার দলীয় সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় তাপস পালের পক্ষে মুখ খোলায় তৎক্ষণাৎ প্রতিবাদ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার নিজের সেই প্রতিবাদের কথা জানিয়ে তিনি অভিজিৎবাবুকে চিঠি দেন।

Advertisement
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৪ ০৩:১৫
Share:

তাপস নিয়ে অভিজিৎকে চিঠি অধীরের

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বৃহস্পতিবার দলীয় সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় তাপস পালের পক্ষে মুখ খোলায় তৎক্ষণাৎ প্রতিবাদ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার নিজের সেই প্রতিবাদের কথা জানিয়ে তিনি অভিজিৎবাবুকে চিঠি দেন। সেখানে অধীরবাবু লেখেন, জঙ্গিপুরের সাংসদ যা বলেছেন সেটা দলের অবস্থান নয়। তাপস পাল যে গর্হিত মন্তব্য করেছেন, তাতে কোনও মতেই তাঁর পাশে দাঁড়ানো ঠিক নয়। এমন মন্তব্য করাও তাই অনুচিত। তবে এই চিঠিকে শো কজ বা কৈফিয়ত তলব বলতে নারাজ অধীরবাবু। তিনি জানান, বিষয়টি নিয়ে অভিজিৎবাবুর সঙ্গে তাঁর ফোনেও কথা হয়েছে। তার পরেই আনুষ্ঠানিক ভাবে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। কংগ্রেস সূত্রে খবর, শনিবার লাভপুরে সন্ত্রাস কবলিত এলাকায় যাচ্ছেন অধীরবাবু। তাঁর সঙ্গে অভিজিৎবাবুরও থাকার কথা। বিধায়ক অসিত মালও থাকবেন সেই দলে।

Advertisement

রেশনে গমের বদলে আটা বিপিএল-দের

অনেক রাজ্যেই বিপিএল তালিকাভুক্ত বাসিন্দারা রেশনে গমের বদলে আটা পান। এ বার পশ্চিমবঙ্গেও এই সুবিধে মিলবে। শুক্রবার এই মর্মে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। তবে মামলা সংক্রান্ত জটিলতার জন্য বীরভূমে আপাতত এই নির্দেশ কার্যকর হবে না। বস্তুত, মামলার জেরেই বাংলায় এই প্রকল্প রূপায়ণ করা যাচ্ছিল না। সরকারি আইনজীবী সুশোভন সেনগুপ্ত বলেন, গরিবেরা যাতে রেশনে পুষ্টিগুণসম্পন্ন আটা পান, তার জন্য হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। কিন্তু কয়েকটি ময়দাকলের মালিক টেন্ডার বা দরপত্র নিয়ে মামলা করায় পুরো প্রক্রিয়াটিই স্থগিত হয়ে গিয়েছিল। এর ফলে আটা সরবরাহ করা যাচ্ছিল না। বিচারপতির নির্দেশে সেই বাধা কেটেছে।

বন্দিদের জন্য

বিচারাধীন বন্দিদের দ্রুত বিচার পাইয়ে দিতে রাজ্য ও জেলা স্তরে বিশেষ কমিটি তৈরি করা হচ্ছে। শুক্রবার রাজ্য বিধানসভায় এ কথা জানিয়েছেন কারামন্ত্রী হায়দার আজিজ সফি। রাজ্যের ৫৮টি জেলে যত বন্দি রয়েছেন, তার ৭০% বিচারাধীন। ফলে, বন্দিদের ভিড়ে জেলগুলি উপচে পড়ছে। বিচার প্রক্রিয়ায় দেরির জন্য বহু বন্দিকেই বছরের পর বছর কারাগারে কাটাতে হচ্ছে। এ দিন তা স্বীকার করে নিয়েছেন মন্ত্রী। সে কারণেই বিশেষ কমিটি তৈরি করা হয়েছে বলে জানান তিনি। ওই কমিটি জেলগুলিতে ঘুরে কী ভাবে বিচার প্রক্রিয়া দ্রুততর করা যায়, তা ঠিক করবে। বিধায়কদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ-ও জানান, জেলে মনরোগীর সংখ্যাও বেড়েছে। মনরোগ প্রতিরোধে স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করছে রাজ্য কারা দফতর।

পরীক্ষা অনিশ্চিত

আশঙ্কাই সত্যি হল। শেষ পর্যন্ত ভক্তবালা বি.এড কলেজের বাড়তি ৩৯ জন ছাত্রছাত্রীর পরীক্ষায় বসা প্রায় অনিশ্চিতই হয়ে পড়ল। শুক্রবার সন্ধ্যায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিমলেন্দু বিশ্বাস এক নোটিসে জানিয়েছেন, ওই পড়ুয়ারা নিজের দায়িত্বে পরীক্ষা দেবেন। এনসিটিই অনুমতি না দিলে তাঁরা রেজাল্ট পাবেন না। পরীক্ষার্থীরা বলেন, “কালই বিমলেন্দুবাবু বলেছিলেন, তিনি নিজে উপস্থিত থেকে পরীক্ষার ব্যবস্থা করে দেবেন। পরীক্ষাকেন্দ্রের নামও বলে দেন তিনি।” আগামী সোমবার থেকে পরীক্ষা। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন ওই পড়ুয়ারা। বিমলেন্দুবাবুর বক্তব্য, “বিএডের ব্যাপারে এনসিটিই শেষ কথা বলে। বিশ্ববিদ্যালয় কেন দায়িত্ব নেবে? তবে পড়ুয়াদের সমস্যার কথা ফের এনসিটিই-কে জানাব।”

মোবাইলে ছবি

চার দিনের ব্যবধানে বিধানসভায় আবার মোবাইলে ছবি তুলে ধরা পড়লেন এক জন সরকারি অফিসার। ৩০ জুন অধিবেশন চলাকালীন মোবাইলে ছবি তোলায় সমাজকল্যাণ দফতরের এক ডেপুটি ডিরেক্টর ধরা পড়ে গিয়েছিলেন। ক্ষমা চেয়ে রেহাই পান তিনি। শুক্রবার প্রথমার্ধে আবার একই কাণ্ড করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ডেপুটি ডিরেক্টর পুণ্যব্রত হাজরা। তিনিও ক্ষমা চেয়ে নেওয়ায় মোবাইল ফেরত পান।

ভূমি-বাজেট নিয়ে চিঠি স্পিকারকে

রাজ্যের জমি-নীতির জন্য আটকে রয়েছে শিল্পায়নের প্রক্রিয়া। জমিকে কেন্দ্র করেই অতীতে রাজ্যে বহু সংঘর্ষ হয়েছে। পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য, যেখানে জমির সঙ্কট বেশি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরে গত তিন বছর ভূমি ও ভূমি সংস্কার দফতরের বাজেট নিয়ে কোনও আলোচনা হচ্ছে না! এ বারও ওই দফতরের বাজেট গিয়েছে গিলোটিনে। সেই সিদ্ধান্ত বদলে গুরুত্বপূর্ণ এই দফতরের বাজেট নিয়ে আলোচনার জন্য পদক্ষেপে করার অনুরোধ জানিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার চিঠি দিলেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। তিনি বলেন, “ভূমির জন্য সরকারের বর্তমান ও ভবিষ্যৎ নীতি কী, সেটা জানা দরকার। সেই জন্যই আলোচনার দাবি জানাচ্ছি।” তবে বাম আমলের ভূমিনীতির সমালোচনাতেই তাঁর চিঠির সিংহভাগ ব্যয় করেছেন মানসবাবু!

রক্তচন্দন আটক

কলকাতা বিমানবন্দর দিয়ে রক্তচন্দন পাচার করতে গিয়ে দুই যুবক ধরা পড়ে গিয়েছে। শুল্ক দফতর সূত্রের খবর, ধৃতদের নাম কাসেম মহম্মদ ও সাবির হুসেন। দু’জনেরই বাড়ি খিদিরপুরে। বৃহস্পতিবার বিমানে তাদের ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল।

কোবরা বাহিনীর প্রতিষ্ঠা দিবস

সাড়ম্বরে পালিত হচ্ছে কোবরা বাহিনীর প্রতিষ্ঠা দিবস। ২০১০ সালে ৭ জুলাই কোবরা বাহিনীর ২০৭ নম্বর ব্যাটালিয়ানের জন্ম হয়েছিল দুর্গাপুরে। ২০১২ সালের ডিসেম্বর মাসে ওই বাহিনীর ওই ব্যাটালিয়ানকে নিয়ে আসা হয় শালবনিতে। প্রতি বছরের মতো এবারও বাহিনীর পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। শুক্রবারই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনী ও বাহিনীর পরিবারের সদস্যদের নিয়ে জিলিপি দৌড়, বস্তা দৌড়, সাইকেল রেস-সহ নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আজ, সোমবার ব্যাটালিয়ানের জন্মদিনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তারই সঙ্গে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলে বাহিনীর সাব ইন্সপেক্টর সর্বেশ্বর সিংহ জানিয়েছেন।


পাশে: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। শুক্রবার রাজভবনে। ছবি: সুমন বল্লভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement