টুকরো খবর

বামনগাছির কলেজছাত্র সৌরভ চৌধুরী খুন হওয়ার পরে এলাকার বাসিন্দারা মূল অভিযুক্ত শ্যামল কর্মকার-সহ দুষ্কৃৃতীদের সঙ্গে দত্তপুকুর থানার এক শ্রেণির পুলিশকর্মীর যোগাযোগের অভিযোগ তুলেছিলেন। তার পরেই মঙ্গলবার দত্তপুকুর থানার চার জন কনস্টেবলকে দোলতলা পুলিশ-লাইনে ‘ক্লোজ’ করা হয়েছে বলে পুলিশি সূত্রের খবর। এলাকায় চোলাই ও মাদকের চক্র এবং অপরাধমূলক কাজকর্মের বিরুদ্ধে অন্যদের সঙ্গে সক্রিয় ছিলেন সৌরভ।

Advertisement
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৪ ০২:৫৩
Share:

সৌরভ খুনের জেরে কোপ চার পুলিশকে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বারাসত আদালতে নিয়ে যাওয়া হচ্ছে শঙ্কু পুরুতকে। —নিজস্ব চিত্র

Advertisement

বামনগাছির কলেজছাত্র সৌরভ চৌধুরী খুন হওয়ার পরে এলাকার বাসিন্দারা মূল অভিযুক্ত শ্যামল কর্মকার-সহ দুষ্কৃৃতীদের সঙ্গে দত্তপুকুর থানার এক শ্রেণির পুলিশকর্মীর যোগাযোগের অভিযোগ তুলেছিলেন। তার পরেই মঙ্গলবার দত্তপুকুর থানার চার জন কনস্টেবলকে দোলতলা পুলিশ-লাইনে ‘ক্লোজ’ করা হয়েছে বলে পুলিশি সূত্রের খবর। এলাকায় চোলাই ও মাদকের চক্র এবং অপরাধমূলক কাজকর্মের বিরুদ্ধে অন্যদের সঙ্গে সক্রিয় ছিলেন সৌরভ। তাঁর দাদা সন্দীপ-সহ পরিবারের লোকজন থানায় গিয়ে পুলিশকর্মীদের একাংশের সঙ্গে এলাকার দুষ্কৃতীদের যোগসাজশের অভিযোগ তুলেছিলেন। তাঁদের বক্তব্য, চোলাই বিক্রি এবং সাট্টা খেলা থেকে ওই পুলিশকর্মীরাও ভাগ পান। এ দিন চার পুলিশকর্মীর শাস্তি তারই ফল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও জেলা পুলিশের দাবি, এটা বদলি এবং রুটিনমাফিক বদলি। ওই চার জনকে সরানোর পিছনে অন্য কোনও কারণ নেই। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলনে, ‘‘দত্তপুকুর থানার ওই চার পুলিশকর্মীকে নিয়মমাফিকই বদলি করা হয়েছে।’’ এ দিন সৌরভ-হত্যা মামলায় ধৃত শঙ্কু পুরুত ওরফে শিশির মুখোপাধ্যায়কে বারাসত আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এই মামলায় শ্যামল-সহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কেশরীনাথের সঙ্গে ফোনে কথা মমতার

নিজস্ব সংবাদদাতা • কোলাঘাট

পশ্চিমবঙ্গের ভাবী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেশরীনাথের সঙ্গে মমতার দেখা হয়নি, কথা হয়েছে ফোনে। মঙ্গলবার প্রশাসনিক সভা ও বৈঠক করতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এসেছিলেন মুখ্যমন্ত্রী। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের উপনগরীতে এক সভাঘরে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই এক প্রশ্নের উত্তরে এ দিন মমতা বলেন, “নতুন রাজ্যপালকে স্বাগত। আমি আজ তাঁর সঙ্গে ফোনে কথা বলেছি। জানতে চেয়েছি আপনি কবে আসবেন।”

পুজো, ঈদের বোনাস বেড়ে হল তিন হাজার

রাজ্য সরকার পুজো ও ঈদের বোনাস ৪০০ টাকা বাড়িয়ে দিল। গত বছর কর্মীদের দেওয়া হয়েছিল ২৬০০ টাকা। এ বার তাঁরা পাবেন ৩০০০ টাকা। সরকারি কর্মী, পুরসভা, পঞ্চায়েত এবং শিক্ষকদের মধ্যে যাঁদের মাসিক মোট বেতন ২২ হাজার টাকা পর্যন্ত, তাঁরাই বোনাস পাবেন। মঙ্গলবার অর্থমন্ত্রী অমিত মিত্র এ কথা জানিয়ে বলেন, এ বছর ‘এক্সগ্রাসিয়া’ বা উৎসব অগ্রিম দেওয়া হবে ৩০০০ টাকা। গত বছর ছিল ২৫০০ টাকা। যাঁদের মাসিক মোট বেতন ৩০ হাজার টাকার মধ্যে, তাঁরাই এই অগ্রিম পাবেন। সরকার অধিগৃহীত সংস্থার কর্মী এবং পেনশন প্রাপকদের অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে। আগে এই অনুদান ছিল ১০০০ টাকা। সেটা বেড়ে হচ্ছে ১৫০০।

এসএসসি-র দুই চাকরিপ্রার্থীর মৃত্যু

এক সময়ে তাঁরা দু’জনেই ছিলেন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চাকরিপ্রার্থীদের অনশন-মঞ্চে। পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। মালদহের বাসিন্দা নিত্যগোপাল মণ্ডলের মৃত্যু হয় সোমবার। মঙ্গলবার মারা গিয়েছেন ওই জেলারই রফিকুল ইসলাম। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দাবি, “আলোচনার মধ্যে দিয়ে রাজ্য সরকারের অবিলম্বে সমস্যার মীমাংসা করা উচিত।” বামফ্রন্টের বৈঠকে এ দিন চাকরিপ্রার্থীদের দাবিকে আনুষ্ঠানিক ভাবে সমর্থন জানানো হয়। দুই যুবকের মৃত্যুর প্রতিবাদে এ দিনই বাম ছাত্র-যুবরা কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখান। কয়েক মাস আগেই এসএসসি-র চাকরিপ্রার্থী রুমা দাস আত্মহত্যা করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement