থানায় গিয়েও দেবরাজের দেখা পেলেন না অধীর

শাসক দল স্রেফ ভীতি থেকেই বিধাননগর পুর নিগমের সাত নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করিয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর দলের দুই নেতা অধীর চৌধুরী ও সোমেন মিত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৫ ০৩:২৪
Share:

বাগুইআটি থানায় অধীর চৌধুরী। — নিজস্ব চিত্র

শাসক দল স্রেফ ভীতি থেকেই বিধাননগর পুর নিগমের সাত নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করিয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর দলের দুই নেতা অধীর চৌধুরী ও সোমেন মিত্র। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবু মঙ্গলবার পুলিশি হেফাজতে থাকা দেবরাজের সঙ্গে দেখা করতে বাগুইআটি থানায় গিয়ে নিরাশ হন। ধৃত দলীয় প্রার্থীর সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি।

Advertisement

শনিবার ব্যাপক হাঙ্গামার মধ্যে বিধাননগর পুর নিগমের ভোট শেষ হওয়ার পরে দেবরাজকে এক দফা আটক করা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু রবিবার তাঁকে গ্রেফতার করা হয় দক্ষিণ দমদমের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যব্রত সাঁতরাকে খুনের চেষ্টার অভিযোগে। সেই থেকে তিনি পুলিশি হাজতে আছেন। তাঁর সঙ্গে দেখা করার জন্য অধীরবাবু এ দিন সকালে বাগুইআটি থানায় যান। কিন্তু তাঁকে দেবরাজের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি পুলিশ। থানার বাইরে অধীরবাবু বলেন, ‘‘নিয়ম নেই। তবু দেখা করার চেষ্টা করেছিলাম। ওঁর সঙ্গে দেখা করতে দিলে অবশ্য পুলিশ আধিকারিকদেরই সমস্যা বাড়ত।’’

সন্ধ্যায় বাগুইআটিতেই দেবরাজের বাড়ি গোবিন্দ নিবাসে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা সোমেনবাবু। প্রথমে আটক করার পরে ছেড়ে দিয়েও কেন আবার দেবরাজকে গ্রেফতার করা হল, সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। দেবরাজের গ্রেফতারির বিষয়টিকে সামনে রেখেই পুলিশ-প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনকে তুলোধোনা করেন তাঁরা। অধীরবাবুর মন্তব্য, ওই কমিশন নখদন্তহীন।

Advertisement

বিধাননগরের পুর নির্বাচনে দুষ্কৃতীদের দাপাদাপি, ভোট লুঠ, সাংবাদিক-নিগ্রহ নিয়ে তোলপাড় চলছে। বিরোধী শিবিরের অভিযোগ, যেন-তেন-প্রকারে নিগমে দখলদারি বজায় রাখার জন্য শাসক দলই হাঙ্গামা বাধিয়েছে। আর কংগ্রেসের বক্তব্য, একমাত্র সাত নম্বর ওয়ার্ডেই বারবার চেষ্টা চালিয়েও কোনও প্রভাব ফেলতে পারেনি শাসক দলের দুষ্কৃতীরা। সেই জন্যই হত্যার চেষ্টার মিথ্যা অভিযোগ তুলে ওই ওয়ার্ডের প্রার্থী দেবরাজকে গ্রেফতার করানো হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

অধীরবাবু ও সোমেনবাবু একই দিনে দেবরাজ এবং তাঁর পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী হলেও আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী জোট হতে পারে কি না, সেই বিষয়ে দুই নেতা দু’রকম মত পোষণ করছেন। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোমেনবাবুর বক্তব্য, ভোটে বিরোধী দলগুলির মধ্যে বোঝপড়ার জায়গা রয়েছে। তবে এমন কোনও জোটের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বর্তমান প্রদেশ সভাপতি অধীরবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement