বিভ্রান্তিকর বিজ্ঞাপন, গাড়ি নির্মাতাকে ক্ষতিপূরণের নির্দেশ

‘বিভ্রান্তিকর বিজ্ঞাপন’ থেকে সতর্ক থাকতে বিজ্ঞাপনদাতাদের একাধিকবার সতর্ক করেছে ক্রেতা সুরক্ষা দফতর। এবার বিভ্রান্তিকর বিজ্ঞাপনের দায়ে বিজ্ঞাপনদাতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ক্রেতা সুরক্ষা আদালত।

Advertisement

মেহবুব কাদের চৌধুরী

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৪২
Share:

‘বিভ্রান্তিকর বিজ্ঞাপন’ থেকে সতর্ক থাকতে বিজ্ঞাপনদাতাদের একাধিকবার সতর্ক করেছে ক্রেতা সুরক্ষা দফতর। এবার বিভ্রান্তিকর বিজ্ঞাপনের দায়ে বিজ্ঞাপনদাতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ক্রেতা সুরক্ষা আদালত। বিজ্ঞাপনের শর্ত লঙ্ঘন হওয়ায় টাটা মোটরস লিমিটেডের বিরুদ্ধে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল রাজ্য ক্রেতা সুরক্ষা আদালত। একইসঙ্গে টাটা মোটরস কর্তৃপক্ষকে রাজ্য উপভোক্তা কল্যাণ তহবিলে দেড় লক্ষ টাকা জমা দিতে হবে।

Advertisement

খবরের কাগজে বিজ্ঞাপন দেখে হাওড়ার সলপের একটি শোরুম থেকে ‘টাটা ইন্ডিগো’ কিনেছিলেন উল্টোডাঙার বাসিন্দা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পদস্থ আধিকারিক প্রদীপ্ত কুন্ডু। লিটারপিছু গাড়ি ছুটবে ২৫ কিলোমিটার, এই শর্তেই ২০১১-এর সেপ্টেম্বরে (টাটা ইন্ডিগো-সিএস বিজিএলএক্স-বিএস৪ মডেল) গাড়ি কেনেন প্রদীপ্তবাবু। কিন্তু কেনার পর পরীক্ষা করে দেখা যায়, গাড়ি কেনার সময় যা শর্ত ছিল তা পূরণ হচ্ছে না। প্রদীপ্তবাবুর বাবা নৃপেন্দ্রনাথ কুন্ডু জানান, ‘‘আমরা বিজ্ঞাপন দেখেই গাড়ি কিনেছিলাম। বিজ্ঞাপনে বলা ছিল, গাড়ি লিটারে ২৫ কিলোমিটার দূরত্ব যাবে। কেনার পর দেখা যায়, লিটার পিছু ১৫ লিটারের বেশি যাচ্ছে না গাড়ি।’’ প্রদীপ্তবাবুর কথায়, ‘‘আমাদের ভুল বুঝিয়ে গাড়ি বিক্রি করা হয়েছে। শর্ত না মানায় গাড়ি পরিবর্তনের জন্য আমরা একাধিকবার আবেদন করি টাটা মোটরস কর্তৃপক্ষকে। কিন্তু আমাদের আবেদনে কোনও কর্ণপাত করেননি তাঁরা। ফলে বাধ্য হয়ে ক্রেতা আদালতের দ্বারস্থ হই।’’ প্রদীপ্তবাবু বলেন, ‘‘গত ২৬ মে রাজ্য ক্রেতা আদালতের রায় অনুযায়ী, ৪৫ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা জমা দিতে হবে। কিন্তু আজ পর্যন্ত আমরা ওই টাকা পায়নি।’’ টাটা মোটরস লিমিটেড সূত্রে খবর, তারা রাজ্য ক্রেতা আদালতের রায়ের বিপক্ষে পাল্টা মামলা করেছেন জাতীয় ক্রেতা আদালতে।

প্রথমে জেলা ক্রেতা সুরক্ষা আদালতে (দক্ষিণ ২৪ পরগনা, আলিপুর) মামলা করেন প্রদীপ্তবাবু। জেলা ক্রেতা আদালত প্রদীপ্তবাবুর পক্ষে রায় দিয়ে জানায়, গাড়ি কেনার পুরো টাকাটাই (৪,৮৪,৯৭১) মামলাকারীকে ফেরত দিতে হবে। পাশাপাশি টাটা মোটরস লিমিটেডকে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরপর টাটা মোটরস কর্তৃপক্ষ পাল্টা মামলা করে রাজ্য ক্রেতা আদালতে। রাজ্য ক্রেতা আদালতও প্রদীপ্তবাবুর পক্ষে রায় দেয়। এক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ ৫ লক্ষ থেকে কমিয়ে ২ লক্ষ টাকা করা হয়। রাজ্য ক্রেতা আদালতের বিচারক কালীদাস মুখোপাধ্যায় সম্প্রতি তাঁর রায়ে বলেন, ‘‘কেবলমাত্র গাড়ি বিক্রির জন্য ক্রেতাসাধারণকে মুগ্ধ করতে এই ধরনের বিজ্ঞাপন প্রবঞ্চনা ছাড়া কিছু নয়। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের শিকার হয়েছেন মামলাকারী।’’ রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে জানান, সাধারণ মানুষ প্রতারিত হওয়ায় সংশ্লিষ্ট বিজ্ঞাপনদাতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ক্রেতা আদালত। এই ধরণের রায় বিভ্রান্তিরকর বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত রাখবে। এবিষয়ে টাটা মোটরস কর্তৃপক্ষের কাছে জানতে ই-মেল করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও জবাব মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement