Iran War

মার্কিন ডুবোজাহাজের হামলায় ধ্বংস ডেনা, শ্রীলঙ্কার আশ্রয়ে বুশেহ্‌র! তৃতীয় ইরানি রণতরীর অবস্থান ঘিরে ধোঁয়াশা

পিটিআই প্রকাশিত খবরে দাবি, মার্কিন ডুবোজাহাজ টর্পেডো ছুড়ে ইরানের ফ্রিগেট ‘আইআরআইএস ডেনা’কে ডুবিয়ে দেওয়ার কয়েক দিন আগে আরেকটি ইরানি রণতরীকে কেরলের কোচি নৌঘাঁটিতে নোঙর করার অনুমোদন দিয়েছিল ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১০:৫৮
Share:

ইরানি যুদ্ধজাহাজ। —ফাইল চিত্র।

ইরান নৌসেনায় যুদ্ধজাহাজ ‘আইআরআইএস বুশেহ্‌র’ শ্রীলঙ্কার বন্দরে আশ্রয় নিয়েছে বলে শুক্রবার প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছিল। তা ইতিমধ্যেই মেনে নিয়ে কলম্বো। এরই মধ্যে জল্পনা তৈরি হয়েছে, ভারত মহাসাগরে আসা তৃতীয় ইরানি রণতরী ‘আইআরআইএস লাভান’-এর অবস্থান নিয়ে। সংবাদ সংস্থা পিটিআই-সহ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, সেটি এখন কেরলের কোচি বন্দরে রয়েছে। যদিও এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই শুক্রবার সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছিল, মার্কিন ডুবোজাহাজ টর্পেডো ছুড়ে ইরানের ফ্রিগেট (ছোট যুদ্ধজাহাজ) ‘আইআরআইএস ডেনা’কে ডুবিয়ে দেওয়ার কয়েক দিন আগে আরেকটি ইরানি রণতরীকে আপৎকালীন পরিস্থিতিতে কেরলের কোচি নৌঘাঁটিতে নোঙর করার অনুমোদন দিয়েছিল ভারত। প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ার কারণেই ‘আইআরআইএস লাভান’ নামে ওই রণতরীটিকে ভারতীয় নৌসেনার পোতাশ্রয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল বলে প্রকাশিত খবরে জানানো হয়।

তৃতীয় ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস বুশেহ্‌র’ও এখন ভারতীয় জলসীমার কাছাকাছি রয়েছে বলে শনিবার কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি। প্রসঙ্গত, বৃহস্পতিবার সংবাদসংস্থা এএফপি জানিয়েছিল, ওই যুদ্ধজাহাজটিতে ইরানি নৌসেনার ১০০ জন আধিকারিক ও নাবিক রয়েছেন। সেটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল। ইরানি যুদ্ধজাহাজটি সাহায্যপ্রার্থনা করার পর কলম্বো কী অবস্থান নিয়েছে, শনিবার তা জানতে চান শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাস। উত্তরে সরকারের মুখপাত্র এবং মন্ত্রী নালিন্দা জয়াতিসা বলেন, “আমরা বিষয়টি নিয়ে অবহিত রয়েছি এবং জাহাজে থাকা প্রত্যেককে রক্ষা করার বিষয়ে চিন্তাভাবনা চলছে।”

Advertisement

শ্রীলঙ্কার ওই মন্ত্রী জানান, জাহাজটি প্রশান্ত মহাসাগরের উপর শ্রীলঙ্কার বৃহত্তর অর্থনৈতিক এলাকায় অপেক্ষা করছে। তবে সেটির অবস্থান শ্রীলঙ্কার জলসীমার বাইরে বলে জানিয়েছেন নালিন্দা। এই পরিস্থিতিতে ‘আইআরআইএস বুশেহ্‌র’ ভারতীয় জলসীমায় আশ্রয় পেয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, যুদ্ধজাহাজটির ১৫ জন ক্রু সদস্য (আধিকারিক এবং নাবিক) এখন শ্রীলঙ্কার নৌঘাঁটিতে রয়েছেন। ‘আইআরআইএস বুশের’-এ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তা মেরামতে ইরানের নৌ-ইঞ্জিনিয়ারদের সহায়তা করছে শ্রীলঙ্কার নৌসেনা। সেই মেরামত শ্রীলঙ্কার জলসীমায় হচ্ছে কি না, সে বিষয়টি স্পষ্ট নয় এখনও।

পিটিআই প্রকাশিত খবরে দাবি, ইরানের উপর আমেরিকার এবং ইজ়রায়েলের হামলা চলাকালীন ১৮৩ জন ক্রু সদস্য (আধিকারিক এবং নাবিক)-সহ ‘আইআরআইএস লাভান’ যুদ্ধজাহাজটি ৪ মার্চ কোচিতে নোঙর করেছিল। মানবিক কারণে তাদের ভারতীয় নৌসেনার ঘাঁটিতে রাখা হয়েছে বলে প্রকাশিত খবর জানিয়েছে। ১ মার্চ তেহরানের তরফে এ সংক্রান্ত অনুরোধ পাঠানো হয়েছিল নয়াদিল্লিতে। আগের দিনই ইরানে শুরু হয়েছিল যৌথবাহিনীর হামলা। ঘটনাচক্রে, ৪ মার্চ ভোরেই ভারত মহাসাগরের বুকে ইরানি রণতরী ‘আইআরআইএস ডেনা’-র উপরে হামলা চালিয়েছিল মার্কিন ডুবোজাহাজ। টর্পেডো ছুড়ে ইরানের যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয় তারা। ভারতীয় নৌবাহিনীর আমন্ত্রণে বিশাখাপত্তনমে একটি মহড়ায় অংশ নিতে নিরস্ত্র অবস্থায় গিয়েছিল ডেনা। মার্কিন টর্পেডোর হামলার ঘটনায় এখনও পর্যন্ত নিহত ৮৭ জনের দেহ উদ্ধার হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে ৩২ জনকে। কিন্তু এখনও প্রায় ৬০ জনের কোনও সন্ধান পাওয়া যায়নি। যে ৩২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাঁরা এখন ভর্তি রয়েছেন শ্রীলঙ্কার দক্ষিণে বন্দর শহর গলের এক হাসপাতালে। গলের প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়েছিল ‘আইআরআইএস ডেনা’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement