Income of Political Parties

৬৭১৪ কোটি টাকা! অনুদানের অঙ্কে অনেক এগিয়ে বিজেপি, অন্যেরা কে কোথায় ২০২৪-২৫ সালে? তথ্য রিপোর্টে

এডিআর রিপোর্ট বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ছ’টি জাতীয় দল একত্রে ৭,৯৬০ কোটি ৯ লক্ষ টাকা আয়ের ঘোষণা করেছে। মোট আয়ের ৮৫.০৩ শতাংশই গিয়েছে বিজেপির তহবিলে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৮:৩১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অনুদান মারফত আয়ের নিরিখে অন্য রাজনৈতিক দলগুলিকে অনেক পিছনে ফেলে দিয়েছে বিজেপি। রাজনৈতিক দলগুলির উপর নজরদারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’-এর (এডিআর) সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, ২০২৪-২৫ অর্থবর্ষে, অর্থাৎ নরেন্দ্র মোদীর দলের উপর্যুপরি তৃতীয় বার লোকসভা ভোটে জয়ের বছরে ৬৭৬৯ কোটি ১৪ লক্ষ টাকা আয় করেছে বিজেপি। যা জাতীয় দলগুলির মধ্যে সর্বোচ্চ।

Advertisement

নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলির পেশ করা আয়ের খতিয়ান বিশ্লেষণ করে বিজেপি-সহ মোট ছটি জাতীয় দলের ২০২৪-২৫ অর্থবর্ষের আয়ের খতিয়ান তুলে ধরেছে এডিআর রিপোর্ট। তা থেকে জানা যাচ্ছে, লোকসভা ভোটের বছরে দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেসের আয় ৯১৮ কোটি ২৮ লক্ষ টাকা। কেন্দ্রের শাসক এবং প্রধান বিরোধী দলের পাশাপাশি সিপিএম, আম আদমি পার্টি (আপ), বহুজন সমাজ পার্টি এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল ন্যাশনাল পিপলস পার্টি অফ ইন্ডিয়া রয়েছে এই তালিকায়। এডিআর রিপোর্ট বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ছ’টি জাতীয় দল একত্রে ৭,৯৬০ কোটি ৯ লক্ষ টাকা আয়ের ঘোষণা করেছে। মোট আয়ের ৮৫.০৩ শতাংশই গিয়েছে বিজেপির তহবিলে!

লোকসভা ভোটের বছরে বিজেপি খরচ ৩,৭৭৪ কোটি ৫৮ লক্ষ টাকা। অর্থাৎ, তার আয়ের ৫৫ শতাংশের সামান্য বেশি। কংগ্রেসের খরচ ১১১১ কোটি ৯৪ লক্ষ টাকা। যা তাদের আয়ের তুলনায় ২১ শতাংশ (১৯৩.৬৬ কোটি টাকা) বেশি! ২০২৪-২৫ অর্থবর্ষে সিপিএমের আয় ১৭২ কোটি ৬০ লক্ষ টাকা! কিন্তু তার খরচ হয়েছে ১৭৩ কোটি ৮৬ লক্ষ। বিএসপি আয়ের হিসাব ৫৮ কোটি ৫৮ লক্ষ টাকা ঘোষণা করেছে। ওই অর্থবর্ষে তাদের খরচ ছিল ১০৬ কোটি ৩০ লক্ষ টাকা। অর্থাৎ আয়ের চেয়ে প্রায় ৪৭.৭১ কোটি টাকা (৮১.৪৫ শতাং‌শ) বেশি। আপ আয়ের হিসাব ৩৯ কোটি ২৮ লক্ষ টাকা দেখিয়েছে। অরবিন্দ কেজরীওয়ালের দলের খরচ হয়েছে ৩৬ কোটি ৪৬ লক্ষ টাকা। ২০২৩-২৪ থেকে ২০২৪-২৫ পর্যন্ত, বিজেপির আয় ৫৫.৯৫ শতাংশ (২,৪২৮ কোটি ৬৭ লক্ষ টাকা) বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, কংগ্রেসের আয় ২৫.০৫ শতাংশ (৩০৬ কোটি ৮৩ লক্ষ টাকা) হ্রাস পেয়েছে। আপের আয়ে বৃদ্ধি হয়েছে ৭৩.২০ শতাংশ (১৬ কোটি ৬০ লক্ষ টাকা)। সিপিএমের আয় বেড়েছে ২.৯৬ শতাংশ (৪ কোটি ৯৬ লক্ষ টাকা)। মায়াবতীর দলের আয় ৯.৫৬ শতাংশ (৬ কোটি ১৯ লক্ষ টাকা) কমেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement