পাক সেনাছাউনিতে আত্মঘাতী হামলা। ছবি: সংগৃহীত।
পাকিস্তানের বাজৌরে সেনাছাউনিতে আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। আচমকাই সেনাছাউনিতে ঢুকে পর পর বিস্ফোরণ ঘটায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় অন্ততপক্ষে ১৫ পাক সেনার মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পুরো পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান-পাকিস্তান (টিটিপি)।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জঙ্গিরা প্রথমে সেনাছাউনিতে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণের জেরে হুড়োহুড়ি পড়তেই বাকি জঙ্গিরা সেই সুযোগে সেনাছাউনিতে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আচমকা হামলা হওয়ায় জঙ্গিদের পাল্টা জবাব দেওয়া সুযোগ পায়নি সেনারা। ফলে বহু সেনার মৃত্যু হয়েছে। এই ঘটনার পর পরই টিটিপি-র স্পেশ্যাল ইস্তশাহাদি ফোর্সেস (এসআইএফ) দাবি করে, তারাই এই হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবর কোয়েটা প্রদেশে হামলার পর এই প্রথম সরাসরি বাজৌরের সেনাছাউনিতে হামলার দায় নিল টিটিপি। খাইবার পাখতুনখোয়ায় রয়েছে বাজৌর। জঙ্গিদের ‘আঁতুড়ঘর’ হিসাবে বরাবর পরিচিত। শুক্রবার এই হামলার পর পরই গোটা এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার আত্মঘাতী হামলা হল খাইবার পাখতুনখোয়ায়। এর আগে গত মঙ্গলবার ওই প্রদেশের লক্কী মরবত জেলায় আত্মঘাতী হামলা হয়েছিল। নৌরঙ্গ বাজারে ওই হামলা হয়। সেই হামলায় দুই পুলিশকর্মী-সহ বেশ কয়েক জনের মৃত্যু হয়।