Bangladesh BNP Government

আওয়ামী লীগের কার্যক্রম কি বন্ধই থাকবে? হাসিনার দল নিয়ে ফের মুখ খুললেন তারেকের মন্ত্রী, কী বার্তা

ঢাকার গুলশানে একটি অনুষ্ঠান থেকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ফখরুল। সেখান থেকেই শেখ হাসিনার দল প্রসঙ্গে মুখ খোলেন। নিষেধাজ্ঞা কি তুলে নেওয়া হবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২২:৩৯
Share:

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। —ফাইল চিত্র।

বাংলাদেশের বর্তমান সরকারের মন্ত্রী তথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফের আওয়ামী লীগ প্রসঙ্গে মুখ খুলেছেন। জানিয়েছেন, ওই দলের কার্যক্রম যেমন নিষিদ্ধ আছে, তেমন নিষিদ্ধই থাকবে। আপাতত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকারের নেই। বরং আওয়ামী লীগের কার্যক্রমকে তেমন গুরুত্ব দিতেই রাজি নন ফখরুল।

Advertisement

ঢাকার গুলশানে একটি অনুষ্ঠান থেকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ফখরুল। শেখ হাসিনার দল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। বন্ধ আছে, বন্ধই থাকবে। এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। তাদের খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। রাজনীতিকে রাজনীতির মতো চলতে দেওয়া উচিত। গণতন্ত্র গণতন্ত্রের পথে চলুক। বিচ্ছিন্ন ভাবে কিছুকে দেখার দরকার নেই।’’ ফখরুল আরও বলেন, ‘‘আওয়ামী লীগ কিছু কিছু কাজ করার চেষ্টা তো করবেই। করছেও। কিন্তু তাতে লাভ হচ্ছে না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট গণঅভ্যুত্থানের চাপে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং ভারতে চলে আসেন। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। ফলে গত মাসে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে হাসিনার দল লড়তেই পারেনি। অনেকে তাই নির্বাচনের গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতায় এসেছে বিএনপি। তারেক প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। এর আগেও হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে একাধিক চিঠি লিখেছিল ঢাকা। তারেক ক্ষমতায় আসার পর হাসিনা এবং তাঁর দলের বিষয়ে কী নীতি নেন, ভারত নিয়েই বা কোন পথে হাঁটেন, তা নিয়ে কৌতূহল ছিল নানা মহলে। হাসিনার দলের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হয়নি। তবে কোথাও কোথাও ওই দলের কার্যালয় খুলে দেওয়ার মতো বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে। ফখরুল আরও এক বার সরকারের অবস্থান স্পষ্ট করলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement