ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। —ফাইল চিত্র।
ইরানের ‘আগ্রাসনের’ মোকাবিলা করতে পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে জোট বাঁধছে ইজ়রায়েল। মঙ্গলবার সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, পশ্চিম এশিয়ার ‘গুরুত্বপূর্ণ দেশগুলির’ সঙ্গে জোট বাঁধছেন তাঁরা। শীঘ্রই এই বিষয়ে সবিস্তার জানানোর কথা বলেছেন তিনি।
নেতানিয়াহু বলেন, “আমরা এই অঞ্চলের (পশ্চিম এশিয়া) গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে নতুন জোট গঠন করছি। খুব তাড়াতাড়ি আমি এই গুরুত্বপূর্ণ জোটের বিষয়ে আপনাদের আরও বেশি কিছু জানাতে পারব।” একই সঙ্গে নেতানিয়াহু ইরানের নাম না-করে বলেন, “আমরা (আমেরিকা এবং ইজ়রায়েল) কঠোর ভাবে আঘাত করেছি এবং দু’টি নিরাপত্তাগত ঝুঁকি কমিয়েছি।” দুই ঝুঁকি বলতে নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা হ্রাস করার কথা বলতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।
অন্য দিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাইছে সংযুক্ত আরব আমিরশাহি। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুসারে, হরমুজ় প্রণালীর অবরোধ তোলার বিষয়ে আমেরিকাকে সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে সে দেশের প্রশাসন। ওই প্রতিবেদনেই আমিরশাহির একজন আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে যে, হরমুজ় প্রণালী খুলতে ইউরোপ এবং এশিয়ার দেশগুলিকে নিয়ে জোট গঠন করতে চাইছে আবু ধাবি। এই বিষয়ে তারা নাকি আর্জিও জানিয়েছে আমেরিকা এবং ইউরোপের দেশগুলিকে। আমিরশাহি যদি সত্যিই ইরানের বিরুদ্ধে অস্ত্র ধরে, তা হলে আরব দুনিয়ার প্রথম দেশ হিসাবে চলতি সংঘাতে অংশ নেবে তারা।