ছবি: সংগৃহীত।
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোওয়েভ অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর পড়ার সুযোগ মিলবে। মাস্টার অফ টেকনোলজি (এমটেক) কোর্সের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়টি শেখানো হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের বৈধ গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) স্কোর থাকলে আবেদন করা যাবে।
চলতি শিক্ষাবর্ষ থেকে উল্লিখিত প্রবেশিকায় প্রাপ্ত নম্বরের নিরিখে ভর্তি নেওয়া হবে। মাইক্রোওয়েভ অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর পড়ানোর জন্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) সদ্যই দিল্লি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দিয়েছে। সেই অনুমোদন পাওয়ার পরই ভর্তির আবেদনের শর্ত প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পিএইচডি-র আবেদনের জন্য গেট উত্তীর্ণেরা সুযোগ পেতেন। বর্তমানে স্নাতকোত্তরের জন্যও আবেদন করতে পারবেন পড়ুয়ারা। মাইক্রোওয়েভ অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে আগ্রহীদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন।
তবে, উল্লিখিত বিষয়ে স্নাতকেরা যদি কমন ইউনিভার্সিটি এন্ট্রানস্ টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন (কুয়েট পিজি) উত্তীর্ণ হয়ে থাকেন, সে ক্ষেত্রেও আবেদনের সুযোগ থাকছে। তবে, ভর্তি হওয়ার ক্ষেত্রে গেট উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, কমন সিট অ্যালোকেশন সিস্টেম ফর পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন-এর মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে ভর্তি নেওয়া হচ্ছে না। আবেদনের জন্য জন্য আলাদা পোর্টাল চালু করার কথা ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।