ভোটের হার নিয়ে উদ্বেগে তারেক রহমানের দল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বাংলাদেশে ত্রয়োদশ সাধারণ নির্বাচনে ভোটের হার নিয়ে উদ্বিগ্ন বিএনপি। তাদের দাবি, সর্বত্রই ভোটারদের উপস্থিতি বেশ কম। ঢাকা-সহ তিনটি বিভাগে ভোটের হার নিয়ে আলাদা করে উদ্বেগ প্রকাশ করেছে তারা। দলের নেতাকর্মীদের উদ্দেশে বার্তাও দেওয়া হয়েছে।
সকাল সকাল স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকার গুলশানের একটি কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা যত গড়িয়েছে, তত ভোটের হার নিয়ে দলের মধ্যে উদ্বেগ বেড়েছে। একটি বিবৃতি জারি করে বিএনপি নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার ডাক দিয়েছে। ভোটারদের আরও বেশি করে ভোটকেন্দ্রমুখী করে তোলার জন্য নেতাকর্মীদের কাছে অনুরোধ করেছে দল। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সারা দেশেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ কম। আমাদের জন্য এমন পরিস্থিতি শুভ নয়। যত বেশি মানুষ ভোট প্রদান করবে, আমাদের ভোট তত বাড়বে।’’ এর পরেই ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি। সে দেশের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ওই তিন বিভাগেই ভোটারদের উপস্থিতি সবচেয়ে কম।
বাংলাদেশে ভোটের আয়োজন করেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। ফলে তারা এই নির্বাচনে লড়তে পারছে না। কমিশনের দেওয়া পরিসংখ্যান দেখে আওয়ামী লীগের নেতারাও ভোটের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেশের প্রাক্তন শাসকদলের এক নেতার কথায়, ‘‘নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টায় ভোট পড়েছে ১৪.৯৬ শতাংশ। তার পরের এক ঘণ্টায় ভোটের হার বেড়ে হয়েছে ৩২.৮৮ শতাংশ। এটা অস্বাভাবিক। বাংলাদেশের ভোটগ্রহণের ইতিহাস বলছে, ১১টা পর্যন্তই ভোটের হার সর্বোচ্চ থাকে। ১২টার পর থেকে ভোটকেন্দ্রে ভোটার থাকেন নামমাত্র।’’
সংসদ নির্বাচনের পাশাপাশি বাংলাদেশে জুলাই সনদ নিয়ে গণভোটও চলছে। এই প্রথম সংসদ নির্বাচন এবং গণভোট হচ্ছে একসঙ্গে। ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। গণনা শুরুও হয়ে গিয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে ভোটের ফলাফল জানা যাবে শুক্রবার। অনেকে বলছেন, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে আসতে বেলা গড়িয়ে যেতে পারে। দু’টি ব্যালট একসঙ্গে গুনতে হচ্ছে হলে এ বারের গণনায় সময় তুলনামূলক বেশি লাগছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে বাংলাদেশে দিনভর বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে।