(উপরে) ভোট দেওয়ার পর কন্যার সঙ্গে মুহাম্মদ ইউনূস। ভোট দেওয়ার পর তারেক রহমান। বৃহস্পতিবার ঢাকায়। ছবি: রয়টার্স।
বাংলাদেশের জাতীয় সংসদের ২৯৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ঢাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গুলশানেরই অন্য একটি স্কুলে ভোট দিয়েছেন বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমানও। বৃহস্পতিবার সকালে স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে নিয়ে ভোট দেন তিনি।
বাংলাদেশের সর্বত্রই মোটের উপর নির্বিঘ্নে নির্বাচন চলছে। বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। তবে নির্বাচনের দিনও নিরুত্তাপ রয়েছে শেখ হাসিনার জন্মভূমি গোপালগঞ্জ। ‘প্রথম আলো’ ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভাবে ভোট হলেও ভোটারদের উপস্থিতি তুলনামূলক ভাবে বেশ কম। প্রসঙ্গত, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাড়িতে হাসিনার জন্ম। এই এলাকা আওয়ামী লীগের ‘শক্ত ঘাঁটি’ হিসাবেই পরিচিত। ১৯৯১ সাল থেকে ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত হাসিনা গোপালগঞ্জ-৩ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রত্যেক বারই জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ (বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে) ভোট দেন ইউনূস। ভোট দেওয়ার পর তিনি বলেন, “আমার জীবনের মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হল আজকেই এই প্রক্রিয়া। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।” বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে সকলকে ভোট দেওয়ার আর্জি জানান তারেক। তিনি লেখেন, “জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি-র বিজয় সুনিশ্চিত। আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি।”