US Iran Tensions

আমেরিকার চাপানো ১৫ শর্তের বেশির ভাগ মেনে নিয়েছে ইরান! দাবি ট্রাম্পের, প্রকাশ্যে আনলেন সেই ‘তেহরানের দেওয়া উপহার’

গত সপ্তাহেই পাকিস্তান মারফত ইরানের কাছে ১৫ দফা প্রস্তাব পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবের প্রাপ্তিস্বীকারও করে ইরান। তবে ওই প্রস্তাবে ইরান রাজি কি না, তা স্পষ্ট করেনি তেহরান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১০:০২
Share:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

যুদ্ধ থামানোর জন্য আমেরিকার চাপানো ১৫ দফা শর্তের বেশির ভাগই মেনে নিয়েছে ইরান— এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দিন আগে ট্রাম্প দাবি করেছিলেন, তেহরান তাঁকে একটি ‘উপহার’ দিয়েছে। কী সেই ‘উপহার’ তা এ বার নিজেই জানালেন তিনি। একই সঙ্গে জানালেন, ইরানের কাছ থেকে তিনি রবিবার নতুন একটি উপহারও পেয়েছেন।

Advertisement

গত সপ্তাহেই পাকিস্তান মারফত ইরানের কাছে ১৫ দফা প্রস্তাব পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবের প্রাপ্তিস্বীকারও করে ইরান। জানায়, তারা ওই প্রস্তাব পর্যালোচনা করে দেখছে। তবে এর পরে ওই প্রস্তাবগুলির বিষয়ে তেহরানের ঘোষিত কোনও অবস্থান প্রকাশ্যে আসেনি। এরই মধ্যে ট্রাম্প দাবি করলেন, প্রস্তাবগুলির বেশির ভাগই মেনে নিয়েছে ইরান। যদিও ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে ইরানের কোনও প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এখনও জারি রয়েছে। ইরান আগেই দাবি করেছে, তারা আমেরিকার সঙ্গে এখনই আলোচনায় বসতে রাজি নয়। সেই অবস্থানে কোনও বদল এসেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

রবিবার ‘এয়ার ফোর্স ওয়ান’ (মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান)-এ এ বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। ইরান ওই প্রস্তাবগুলির কোনও জবাব দিয়েছে কি না, তা জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “হ্যাঁ ওরা (ইরান) ওগুলি নিয়ে যোগাযোগ করেছে। ওরা আমাদের দাবিগুলির বেশির ভাগই মেনে নিয়েছে। আর মানবে না-ই বা কেন?” যদিও কোন কোন শর্তে ইরান রাজি হয়েছে, তা নিয়ে বিস্তারিত কোনও মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, “আমরা যা চিন্তাভাবনা করছি, তার সঙ্গে ওরাও (ইরান) সহমত। আমরা ১৫টি বিষয়ের কথা বলেছিলাম। মূলত ওই বিষয়গুলি ছাড়াও আমরা আরও কয়েকটি বিষয়ে ওদের কাছে প্রস্তাব দেব।”

Advertisement

গত সপ্তাহেই ট্রাম্প দাবি করেছিলেন, তেহরানের কাছ থেকে তিনি একটি ‘উপহার’ পেয়েছেন। জানিয়েছেন, ইরানি প্রশাসনের ‘সঠিক লোকদের’ সঙ্গে আমেরিকার কথা হচ্ছে। তবে কী ‘উপহার’ তিনি পেয়েছেন ইরানের কাছ থেকে, তা ওই সময়ে প্রকাশ্যে আনেননি ট্রাম্প। তবে সেই ‘উপহার’ কী ছিল, তা এ বার প্রকাশ্যে আনলেন তিনি। ট্রাম্প জানান, আমেরিকাকে তেল পাঠাচ্ছে ইরান। সমঝোতার জন্য নিজেদের ‘আন্তরিকতা’ বোঝাতে আগামিকাল থেকেই তেহরান তেল সরবরাহ শুরু করবে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প এ-ও স্পষ্ট করেন, গত সপ্তাহে তিনি যখন উপহারের কথা বলেছিলেন, তখন এই তেলের কথাই বোঝাতে চেয়েছিলেন। তখন মূলত ১০টি তেলবাহী জাহাজের কথা বোঝাতে চেয়েছিলেন তিনি। তবে এ বার তা আরও বৃদ্ধি পাচ্ছে বলে দাবি ট্রাম্পের। তিনি বলেন, “আজ ওরা আমাদের আরও একটি উপহার দিয়েছে। ওরা আমাদের তেলবোঝাই ২০টি জাহাজ দিচ্ছে। আগামিকাল থেকেই তা পাঠানো শুরু হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement