West Asia War

অন্তরালে থেকেই নতুন বিবৃতি মোজতবার! স্বাস্থ্য নিয়ে ট্রাম্পের সন্দেহের পরেই ‘বন্ধু’ দেশকে বার্তা ইরানের সর্বোচ্চ নেতার

‘বন্ধু’ দেশকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পূর্বতন নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবা। রবিবার বেশি রাতে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম তাঁর সেই বার্তা প্রকাশ করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৭:৫৮
Share:

আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। —ফাইল চিত্র।

এখনও নিজে প্রকাশ্যে আসেননি। তবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই নতুন একটি বার্তা প্রকাশ করেছেন। সেখানে ধন্যবাদ জানিয়েছেন এক ‘বন্ধু’ দেশকে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু দিন আগেই তাঁর স্বাস্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। মোজতবা জীবিত আছেন কি না, তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন। তার মধ্যেই মোজতবার নতুন বার্তা এল।

Advertisement

ইরাককে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পূর্বতন নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবা। রবিবার বেশি রাতে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম তাঁর সেই বার্তা প্রকাশ করে। আমেরিকা এবং ইজ়রায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানকে সমর্থন করার জন্য ইরাকের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন মোজতবা। বলা হয়েছে, ‘‘ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সুস্পষ্ট অবস্থান নেওয়ার জন্য এবং আমাদের দেশের পাশে থাকার জন্য ইরাকের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এবং সে দেশের জনগণের প্রতি মোজতবা খামেনেই কৃতজ্ঞ।’’ ইরাকের নেতা আয়াতোল্লা আলি সিসতানির উদ্দেশে এই বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা। সূত্রের খবর, ইরাকের ইসলামিক সুপ্রিম কাউন্সিলের সঙ্গে বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের একটি বৈঠকের পর মোজতবা বিবৃতিটি দিয়েছেন। তবে কী ভাবে কোথা থেকে কী অবস্থায় তিনি বিবৃতি দিলেন, তা স্পষ্ট নয়।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করে। তাদের হামলাতেই আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়। এর কিছু দিন পর তাঁর পুত্র মোজতবাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা বলে ঘোষণা করে তেহরান। তবে ঘোষণার পর থেকে এখনও তিনি প্রকাশ্যে আসেননি। একের পর এক বিবৃতি দিয়ে গিয়েছিলেন। তাঁর সেই সমস্ত বিবৃতি সংবাদমাধ্যম প্রকাশ করেছে। মোজতবা কোথায়? ইরানের সংবাদমাধ্যমগুলির রিপোর্টে ইঙ্গিত, তিনি শত্রু দেশের কোনও হামলায় জখম হয়েছেন। আপাতত চিকিৎসাধীন। তবে আঘাত কতটা গুরুতর, তা স্পষ্ট নয়। তেহরান সরকারি ভাবেও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। মোজতবার একাধিক ছবিও প্রকাশ করেছে সে দেশের সংবাদমাধ্যমগুলি। তবে সেগুলি নতুন ছবি না পুরনো, স্পষ্ট করা হয়নি।

Advertisement

গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন, ইরানের এক শীর্ষ নেতার সঙ্গে ওয়াশিংটনের কথাবার্তা চলছে। তবে তিনি মোজতবা নন। ট্রাম্প বলেন, ‘‘ওঁর কাছ থেকে কিছুই আমরা শুনিনি। জানিই না আদৌ বেঁচে আছেন কি না।’’ তেহরান অবশ্য বার বার দাবি করে এসেছে, মোজতবা জীবিত এবং তিনিই বিভিন্ন বিবৃতি জারি করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement