Donald Trump on Israel

‘অনুগত জোটসঙ্গী, বাকিদের মতো নয়’! হরমুজ় নিয়ে জটের মাঝেই সুর নরম, ইজ়রায়েলকে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প

গত বৃহস্পতিবার লেবানন এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প। ইরানের সঙ্গে শান্তি সমঝোতার অন্যতম শর্ত ছিল সেটি। কিন্তু সেই সংঘর্ষ বিরতির পরেও লেবাননে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইজ়রায়েলের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১১:০৯
Share:

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (ডান দিকে)। — ফাইল চিত্র।

আমেরিকার ‘মহান জোটসঙ্গী’! এই বলেই ইজ়রায়েলের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, পশ্চিম এশিয়ায় সংঘাতের মধ্যে যে সাহস এবং আনুগত্য ইজ়রায়েল দেখিয়েছে, তা প্রশংসার যোগ্য। প্রসঙ্গত, এক দিন আগেই ইজ়রায়েলকে ট্রাম্প বেশ কড়া সুরেই জানিয়েছিলেন, লেবাননে হামলা চালানো যাবে না। ‘যথেষ্ট’ হয়েছে। তার পরেও হরমুজ়-জট খোলেনি। উল্টে পরিস্থিতি জটিল হয়েছে। এই আবহে ‘জোটসঙ্গী’ হাতছাড়া হতে পারে মনে করেই তাদের প্রতি সুর নরম মার্কিন প্রেসিডেন্টের?

Advertisement

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘মানুষ ইজ়রায়েলকে পছন্দ করুক বা না করুক, ওরা আমেরিকার মহান সঙ্গী হওয়ার প্রমাণ দিয়েছে। ওরা সাহসী, দৃঢ়চেতা, অনুগত, স্মার্ট, বাকিদের মতো নয়, যারা সংঘাতের সময় নিজেদের আসল রূপ দেখিয়েছে। ইজ়রায়েল কঠোর ভাবে যুদ্ধ করেছে। ওরা জানে কী ভাবে জিততে হয়।’

গত বৃহস্পতিবার লেবানন এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প। ইরানের সঙ্গে শান্তি সমঝোতার অন্যতম শর্ত ছিল সেটি। কিন্তু সেই সংঘর্ষ বিরতির পরেও লেবাননে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইজ়রায়েলের বিরুদ্ধে। সেই আবহেই ট্রাম্প একটু কড়া সুরে ইজ়রায়েলের উদ্দেশে সমাজমাধ্যমে লেখেন, ‘লেবাননে আর বোমা মারবে না ইজ়রায়েল। আমেরিকা ওদের তা করতে বারণ করেছে। যথেষ্ট হয়েছে।’ তার পরেই প্রশ্ন উঠেছে, তবে কি আমেরিকার দ্বারা চালিত হয়ে যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য হয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। সেই নিয়ে তিনি নিজের দেশেও প্রশ্নের মুখে পড়েছিলেন। এই পরিস্থিতিতে সুর নরম করলেন ট্রাম্প। ইজ়রায়েলের প্রশংসা করলেন। তাদের ‘অনুগত সঙ্গী’ বলেও উল্লেখ করলেন।

Advertisement

প্রসঙ্গত, হরমুজ় প্রণালী নিয়ে চাপে রয়েছেন ট্রাম্প। তিনি ইজ়রায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করার পর হরমুজ় প্রণালী খুলে দিয়েছিল ইরান। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ফের তা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। ইরানের উপবিদেশমন্ত্রী সইব খাতিবজ়াদে জানিয়েছেন, আমেরিকা কথা রাখেনি। ইরান হরমুজ় খুলে দিলেও ইরানের জাহাজের জন্য আমেরিকা অবরোধ চালিয়ে যাবে বলে দাবি করেছিল। সেই কারণেই জলপথ ফের বন্ধ করা হয়েছে। তিনি আরও জানান, ইরান এবং আমেরিকার মধ্যে অনেক বিষয়েই মতানৈক্য দূর হয়েছে। তবে একটি জায়গাতে এখনও ‘কাঁটা’ রয়ে গিয়েছে। সেটিকে উপড়ে ফেলা গেলে পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে। এর মধ্যেই ‘অনুগত সঙ্গী’ ইজ়রায়েলকে আবার কাছে টানলেন ট্রাম্প। ভরিয়ে দিলেন প্রশংসায়, যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement