(বাঁ দিকে) ইরান পার্লামেন্টের স্পিকার বাকের কালিবাফ। (ডান দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
পাকিস্তানের ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা। প্রথম দফার বৈঠকের কথা স্মরণ করিয়ে দ্বিতীয় দফার বৈঠকের আগে আমেরিকাকে হুঁশিয়ারি দিল ইরান। কোনও রকম চালাকি করার চেষ্টা করলে বা সামান্য ভুলচুক হলেই পুরো শক্তি দিয়ে ঝাঁপাতে পিছপা হবে না তারা। আর তার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলেও জানিয়ে দিলেন ইরান পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ।
এক টেলিভিশন সাক্ষাৎকারে কালিবাফ রবিবার ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে দু’তরফেরই সহযোগিতা জরুরি। কূটনৈতিক আলোচনার জন্য তেহরানের দরজা খোলা। কিন্তু কোনও রকম প্ররোচনার চেষ্টা করা হলে, তার উচিত জবাব দেওয়া হবে। কালিবাফ বলেন, ‘‘আমরা সম্পূর্ণ ভাবে প্রস্তুত। যদি ওরা (আমেরিকা) সামান্য ভুলচুকও করে, তা হলে পুরো শক্তি দিয়ে তার মোকাবিলা করব আমরা।’’ বৈঠকের আগে ইরানের পার্লামেন্ট স্পিকারের এই হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। তাঁদের মতে, আমেরিকা যে আবার কোনও ‘খেলা’ খেলতে পারে দ্বিতীয় দফার বৈঠকে, পরোক্ষে সেই ইঙ্গিত দিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কালিবাফ। আর সেই সন্দেহের জায়গা থেকেই তিনি আমেরিকাকে এই হুঁশিয়ারি এবং সতর্কবার্তা দিয়ে রাখলেন।
কালিবাফ এটাও স্মরণ করিয়ে দিতে চেয়েছেন যে, ইরান কিন্তু সেই আগের ইরান নেই। সামরিক দিক থেকে এই দেশ এখন অনেক বেশি মজবুত। পুরনো সংঘাতের সঙ্গে তুলনা টেনে কালিবাফ বলেন, ‘‘প্রতিরোধ গড়ে তোলার মতো ক্ষমতা রয়েছে আমাদের।’’ তবে পাশাপাশি এটাও স্বীকার করেছেন যে, তাদের তুলনায় আমেরিকা অনেক এগিয়ে, তা সে অভিজ্ঞতা হোক বা সামরিক দিক হোক। তাঁর কথায়, ‘‘অর্থনৈতিক ভাবে অনেক মজবুত আমেরিকা। সামরিক দিক থেকেও তারা এগিয়ে। বিশ্ব জুড়ে অনেক সামরিক অভিযানের অভিজ্ঞতা রয়েছে তাদের।’’ কালিবাফ এটাও স্পষ্ট করেছেন যে, আমেরিকা তাদের থেকে বহু ক্রোশ এগিয়ে থাকলেও, ইরান কিন্তু তাদের বিরুদ্ধে সফল ভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। এই সামরিক সংঘাতকে ‘অসম যুদ্ধ’ বলেও উল্লেখ করেছেন কালিবাফ। তাঁর কথায়, ‘‘আমরা একটা অসম যুদ্ধ লড়ছি। আমাদের নিজেদের অভিজ্ঞতা, সামরিক অস্ত্র, পরিকল্পনা সব প্রয়োগ করে শত্রুপক্ষকে পিছু হটতে বাধ্য করেছি। শত্রুপক্ষের হাতে ক্ষমতা, অর্থ বিপুল রয়েছে। কিন্তু ওরা তার অপব্যবহার করছে।’’
এর পরই কালিবাফ কটাক্ষ করে বলেন, ‘‘রণকৌশলে ওরা (আমেরিকা ও ইজ়রায়েল) ভুল করেছে। আমাদের দেশবাসীর সম্পর্কে যেমন ওদের ভুল ধারণা রয়েছে। তেমনই ভুল ধারণা রয়েছে আমাদের সামরিক শক্তি নিয়েও।’’