US-Iran Conflict

দু’সপ্তাহের মধ্যেই ইরানে ‘কাজ শেষ’ করে ফেলবে আমেরিকা! কোনও চুক্তি ছাড়াই থেমে যেতে পারে যুদ্ধ, ইঙ্গিত দিলেন ট্রাম্প

গত কয়েক দিন ধরেই বিভিন্ন মার্কিন সূত্রে দাবি করা হচ্ছে, এই সংঘর্ষকে আর বেশি দিন টানতে চাইছেন না ট্রাম্প। ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় আসতে চাইছেন তিনি। এ বার কি সেটাই সত্যি হতে চলেছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৯:৩৭
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

ইরানে ‘খুব শীঘ্রই’ মার্কিন বাহিনী তাদের অভিযান শেষ করবে। মঙ্গলবার এমনই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কত দিনের মধ্যে অভিযান শেষ হতে পারে, তার আভাসও দিয়েছেন। তাঁর মতে, বড়জোর দু’সপ্তাহ! ট্রাম্প এ-ও মনে করেন, এর মধ্যেই ইরান পুরো ধসে যাবে।

Advertisement

২৮ ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ব জুড়ে জ্বালানি সঙ্কটের পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক দেশের জ্বালানি এখন অগ্নিমূল্য। বাদ পড়েনি আমেরিকাও। সেই সঙ্কট নিয়ে হোয়াইট হাউসে সরাসরি না-হলেও পরোক্ষ ভাবে অনেকেই মার্কিন প্রেসিডেন্টকে যুদ্ধের কারণে আমেরিকার ‘ক্ষতি’ সম্পর্কে অবগত করান। অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। সেই সব প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমাদের ইরান ছাড়তে হবে, তা আমরা খুব শীঘ্রই করব। ওরা (ইরান) শেষ হয়ে যাবে।’’ তার পরেই তিনি বলেন, ‘‘আমরা কাজ শেষ করছি। আমার মনে হয়, দুই সপ্তাহ বা তার চেয়ে দু’-এক দিন বেশি সময় লাগতে পারে।’’

ট্রাম্প এ-ও স্পষ্ট করেছেন, মার্কিন অভিযান কখন বন্ধ হবে বা তার ভবিষ্যৎ কখনওই ইরানের সঙ্গে কোনও চুক্তির উপর নির্ভরশীল নয়। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘‘যখন আমাদের মনে হবে যে, আমরা তাদের দীর্ঘ সময়ের জন্য প্রস্তর যুগে ঠেলে দিয়েছি, ওরা আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তখনই আমরা ইরান ছেড়ে দেব।’’ ট্রাম্প বুঝিয়ে দেন, ইরান কোনও চুক্তি করুক বা না-করুক, আমেরিকা তার লক্ষ্যে স্থির রয়েছে।

Advertisement

গত কয়েক দিন ধরেই বিভিন্ন মার্কিন সূত্রে দাবি করা হচ্ছে, এই সংঘর্ষকে আর বেশি দিন টানতে চাইছেন না ট্রাম্প। ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় আসতে চাইছেন তিনি। ট্রাম্পের সাম্প্রতিক কিছু বয়ান এবং হুমকিতেও সেই ইঙ্গিতই মিলেছে। অনুমান করা হচ্ছে, সম্ভবত সেই কারণেই হরমুজ় খোলার চেয়ে যুদ্ধ গুটিয়ে আনাকেই বেশি গুরুত্ব দিতে চাইছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের কথাতে সেই বিষয়টি ধরা পড়ল। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সচিব তথা পেন্টাগনের প্রধান পিট হেগসেথও একই সুরে বুঝিয়ে দিয়েছিলেন, খুব তাড়াতাড়িই যুদ্ধ শেষ হবে।

একই সঙ্গে, ব্রিটেনের মতো দেশগুলিকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে পেন্টাগনের সঙ্গী হতে অস্বীকার করায় তাদের ‘পাশে’ না-থাকার বার্তা দেন তিনি। তাঁর হুঁশিয়ারি ছিল, ‘‘আপনাদের নিজেদের জন্য লড়াই করা শিখতে শুরু করতে হবে। আমেরিকা আর আপনাদের সাহায্য করতে থাকবে না, ঠিক যেমন আপনারা আমাদের জন্য ছিলেন না। ইরান প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অভিযানের কঠিন অংশ শেষ। নিজেরাই গিয়ে নিজের তেল নিয়ে আসুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement