মৃত ভারতীয় ছাত্র। ছবি: সংগৃহীত।
আমেরিকায় এক ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার হল। মৃতের নাম ইরাগনবয়িনা চন্দু। তিনি অন্ধ্রপ্রদেশের কুর্নুলের বাসিন্দা। জানা গিয়েছে, শিকাগোয় দেপল ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর করতে গিয়েছিলেন। স্নাতকোত্তর হওয়ার পর তিনি চাকরি খুঁজছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে চাকরির চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু পাচ্ছিলেন না।
পরিবার এবং আত্মীয়দের সূত্রে খবর, চাকরি না পেয়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন চন্দু। বিশেষ করে তাঁর পরিবার অনেক ধারদেনা করে বিদেশে পড়তে পাঠিয়েছিল। সূত্রের খবর, স্নাতকোত্তর শেষ করে চাকরিতে যোগ দেবেন ভেবেছিলেন। চাকরির বেতনের টাকায় ধারদেনা শোধ করবেন বলেও পরিবারকে জানিয়েছিলেন চন্দু। সন্দেহ করা হচ্ছে, চাকরি না পাওয়ায় এই বিষয়টি নিয়ে অত্যন্ত মানসিক চাপে ছিলেন। তার পরই বৃহস্পতিবার শিকাগোয় চন্দুর দেহ উদ্ধার হয়।
প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, চন্দু আত্মঘাতী হয়েছেন। তবে সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, চন্দু পরিবারের আর্থিক অবস্থা নিয়ে সব সময় চিন্তা করতেন। তাঁর বাবা নিরাপত্তারক্ষীর কাজ করেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। বাড়ি থেকে পাঠানো টাকার উপরেই নির্ভরশীল ছিলেন চন্দু। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। চন্দুর দেহ দেশে ফেরানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন তাঁর বাবা-মা।
চন্দুর এক বন্ধু জানিয়েছেন, খুব মিশুকে স্বভাবের ছেলে ছিলেন তিনি। পড়াশোনাতেও যথেষ্ট ভাল ছিলেন। টাকাপয়সা জোগাড় করে চন্দুকে আমেরিকায় পাঠিয়েছিলেন তাঁর বাবা-মা। ধারদেনা কী ভাবে মেটাবেন বাড়ির লোকেরা, সব সময় সেই কথাই বলতেন। তবে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কেউ ভাবতে পারেননি।