US F 35 Shot Down

আকাশসীমায় ঢুকে হামলার চেষ্টা, মার্কিন এফ-৩৫ বিমানকে গুলি করে নামানোর দাবি ইরানের, পাল্টা কী বলল আমেরিকা?

আইআরজিসি দাবি করেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পঞ্চম প্রজন্মের মার্কিন সেনার এই বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৩:০৬
Share:

মার্কিন এফ ৩৫ যুদ্ধবিমান। ফাইল চিত্র।

আকাশসীমা লঙ্ঘন করে ইরানে হামলা চালানোর চেষ্টা করেছিল আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান। কিন্তু মাঝ-আকাশেই সেটিকে গুলি করা হয় এবং এর ফলে মার্কিন সেনার বিমানটি ভেঙে পড়েছে বলে দাবি করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের মধ্যে এই প্রথম মার্কিন সেনার কোনও অত্যাধুনিক বিমানে ইরান হামলা চালাল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

Advertisement

তবে সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন বলছে, আমেরিকার এফ-৩৫ বিমানটিতে ইরান হামলা চালালেও সেটি মার্কিন সেনাঘাঁটিতে নিরাপদেই অবতরণ করেছে। তবে আইআরজিসি দাবি করেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পঞ্চম প্রজন্মের মার্কিন সেনার এই বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে আইআরজিসি-র তরফে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তার পর দাবি করা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন সেনার বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড-এর মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে অভিযানে মোতায়েন করা তাদের পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছে। তবে নিরাপদেই অবতরণ করেছে সেটি। ঠিক কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জরুরি ভিত্তিতে অবতরণের কথা উল্লেখ করলেও ইরানের হামলার বিষয়টি এড়িয়ে গিয়েছেন হকিন্স। আইআরজিসি-র তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘‘আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি। অনুমান করা হচ্ছে বিমানটি ভেঙে পড়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’’

Advertisement

প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক অভিযানে আমেরিকা এবং ইজ়রায়েল এফ-২৫, এফ-১৫-এর মতো যুদ্ধবিমানকে কাজে লাগাচ্ছে। এ ছাড়াও মোতায়েন করা হয়েছে মাঝ-আকাশে যুদ্ধবিমানে জ্বালানি ভরার জন্য ‘রিফুয়েলিং’ কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার বিমান। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সামরিক সংঘাতে ইতিমধ্যেই আমেরিকার বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘ভুল করে’ তিনটি মার্কিন এফ-১৫ বিমানকে গুলি করে নামায়। শুধু তা-ই নয়, একটি কেসি-১৩৫ বিমানও ইরাকে ভেঙে পড়ে।

এফ-৩৫ যুদ্ধবিমানকে আমেরিকার আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড বলা হয়। মার্কিন যুদ্ধবিমানগুলির মধ্যে এটি সবচেয়ে আধুনিক এবং ঘাতক বিমান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement