US-Iran Conflict

ইউরেনিয়াম হস্তান্তর করবে কি ইরান? ট্রাম্পের দাবি মানতে নারাজ তেহরান! জানাল, কোনও আলোচনাই হয়নি

ইরানের পরমাণু কর্মসূচি এবং অস্ত্র নিয়ে প্রথম থেকেই আপত্তি ট্রাম্পের। আমেরিকার দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তিনি চান ইরানের সঙ্গে একটা পরমাণু চুক্তি করতে। কিন্তু নানা কারণে সেই চুক্তি বাস্তবায়িত হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৯:৫১
Share:

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং মোজতবা খামেনেই (ডান দিকে)। —ফাইল চিত্র।

সমৃদ্ধ ইউরেনিয়াম যা রয়েছে, সবটাই আমেরিকার হাতে তুলে দেবে ইরান— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের দাবি মানতে নারাজ তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহম্মদ বাকের কালিবাফের এক ঘনিষ্ঠ সূত্রকে উল্লেখ করে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি, ‘‘কোনও ধরনের পারমাণবিক উপাদান আমেরিকার হাতে দেওয়া হবে, এ ধরনের কোনও আলোচনাই হয়নি!’’ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং’ ট্রাম্পের দাবিকে উপহাস করেছে। তাদের দাবি, ‘অলীক স্বপ্ন’ দেখছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

ইরানের পরমাণু কর্মসূচি এবং অস্ত্র নিয়ে প্রথম থেকেই আপত্তি ট্রাম্পের। দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তিনি চান ইরানের সঙ্গে একটা পরমাণু চুক্তি করতে। কিন্তু নানা কারণে সেই চুক্তি বাস্তবায়িত হয়নি। তার মধ্যেই ইরানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আমেরিকা। তবে বর্তমানে দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি চলছে। একই সঙ্গে দু’দেশই আলোচনায় বসেছে। সমাধান খুঁজতে সম্প্রতি ইসলামাবাদে হওয়া শান্তিবৈঠকে কোনও রফাসূত্র না-মিললেও দ্বিতীয় বার আলোচনায় বসার প্রস্তুতি চলছে। তার মধ্যেই ট্রাম্প বার বার দাবি করছেন, আমেরিকার সঙ্গে একটা চুক্তি করতে খুব আগ্রহী ইরান। এবং খুব শীঘ্রই সেই চুক্তি চূড়ান্ত হবে!

ট্রাম্প এ-ও দাবি করেছেন, আমেরিকার প্রায় সব শর্তই মেনে নিতে রাজি হয়েছে ইরান। তার মধ্যে অন্যতম ইরানের কাছে মজুত থাকা ইউরেনিয়াম। ট্রাম্প বার বার দাবি করে এসেছেন, শান্তি ফেরাতে হলে ইরানকে পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। কিন্তু ইরান এখনও পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে রাজি নয়। তা নানা সময়ে নানা ভাবে বুঝিয়ে দিয়েছে। তবে ট্রাম্পও নিজের দাবিতে অনড়। তিনি বলেন, “ওরা আমাদের কাছে ‘পারমাণবিক ধুলো’ (উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়াম বোঝাতে এই শব্দবন্ধটিই ব্যবহার করেন ট্রাম্প) ফেরত দিতে রাজি হয়েছে।”

Advertisement

মার্কিন প্রেসিডেন্টের দাবি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। বিভিন্ন সংবাদমাধ্যম ইরানের প্রশাসনিক সূত্র উল্লেখ করে দাবি করেছে, চলমান আলোচনায় কোনও বড় অগ্রগতি হয়নি। তাদের আরও দাবি, ইরান নিজেদের শর্তে অনড়। কোনও চুক্তি হলে তা ইরানের শর্ত মেনেই হবে।

পারমাণবিক কর্মকাণ্ডের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হল ইউরেনিয়াম। পারমাণবিক বিদ্যুৎ থেকে শুরু করে পারমাণবিক বোমা তৈরি সব ক্ষেত্রেই প্রয়োজন সমৃদ্ধ ইউরেনিয়াম। আমেরিকা চায়, ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করে তাদের সঙ্গে চুক্তি করুক। তবে ইরানের দাবি, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই নিজেদের পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু ট্রাম্পের সন্দেহ, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। দাবি, পাল্টা দাবি অব্যাহত। তবে এখনও অধরা সমাধান!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement