US Iran Tensions

‘এনপিটি’ থেকে সরতে নয়া বিল আনছে তেহরান

হরমুজ় কাঁটায় পুরোপুরি বিদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘরে-বাইরে ঘোর চাপের মুখে পড়েছেন। আজ ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার সাফ জানিয়েছেন, ইরানে সেনা পাঠানোর কোনও পরিকল্পনা তাঁর নেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৯:১১
Share:

—ফাইল চিত্র।

ইরান যুদ্ধ শুরুর পর থেকে পেরিয়েছে এক মাসেরও বেশি সময়। এত দিন আকাশপথে হামলা চললেও, এ বার ইরানে স্থলসেনা নামানোর ইঙ্গিত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (আমেরিকার সময়) এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ‘‘ইরানের বিপুল তেলের ভান্ডারটা নিয়ে নিতে পারলে আমার ভালই লাগবে।’’ তিনি আরও জুড়েছেন, ‘‘আমরা হয়তো খার্গ দ্বীপটাই নিয়ে নেব। ...কিন্তু তা হলে আমাদের ওখানে গিয়ে থাকতে হবে।’’ যদিও ভূ-রাজনীতির বিশেষজ্ঞদের একাংশের মতে, খার্গ দ্বীপ দখলে আমেরিকার স্থলসেনা নামলে, তার ফল ট্রাম্প সরকারের পক্ষে খুব একটা সুখকর না-ও হতে পারে। এ দিকে, ট্রাম্পের হুমকির মাঝেই পরমাণু অস্ত্র প্রসাররোধ চুক্তি তথা ‘নিউক্লিয়ার নন-প্রলিফারেশন ট্রিটি’ (এনপিটি) থেকে সরে আসার কথা ঘোষণা করেছে ইরান।

আজ তেহরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, এই সংক্রান্ত বিলের খসড়া তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। দ্রুত সেটিকে ইরানের পার্লামেন্টে ভোটাভুটির জন্য তোলা হবে। আবার আজই রাষ্ট্রপুঞ্জের এক পদস্থ আধিকারিক দাবি করেছেন, ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে আমেরিকা পরমাণু অস্ত্র প্রয়োগের কথাও বিবেচনা করছে। এই দাবির পরেই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন মহম্মদ সাফা নামে ওই আধিকারিক।

হরমুজ় কাঁটায় পুরোপুরি বিদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘরে-বাইরে ঘোর চাপের মুখে পড়েছেন। আজ ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার সাফ জানিয়েছেন, ইরানে সেনা পাঠানোর কোনও পরিকল্পনা তাঁর নেই। বলেছেন, ‘‘এটা আমাদের যুদ্ধ নয়। আমরা তাতে জড়াতেও চাই না।’’ বরং এই মুহূর্তে পশ্চিম এশিয়ায় কর্মরত ব্রিটিশ নাগরিকদের কী ভাবে নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়, তা নিয়েই বেশি চিন্তিত ব্রিটিশ প্রধানমন্ত্রী। আজ কুয়েতের একটা জল পরিশোধন কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ঘটনায় সেখানে কর্মরত এক ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কুয়েতের বিদ্যুৎ মন্ত্রকের মুখপাত্র ফতিমা আব্বাস জওহর হায়াত।

কুয়েতের যে জায়গায় আজ হামলা চলেছে, সেই কেন্দ্রটি জল পরিশোধনের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হত। হামলায় অন্তত ১০ জন জখম হয়েছেন বলেও জানিয়েছেন ফতিমা। গত কালই ইজ়রায়েল-আমেরিকার যৌথ বাহিনীর তরফে হামলা চালানো হয়েছিল ইরানের একাধিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে। তার জেরে দীর্ঘ সময় অন্ধকারে ডুবেছিল তেহরান এবং খারাজ শহরের বিস্তীর্ণ অংশ। বিশেষজ্ঞদের অনুমান, সেই ঘটনার বদলা নিতেই আজ কুয়েতে হামলা চালিয়েছে ইরান। এই হামলার পরে ইরানকে হুমকি দিতে ছাড়েননি ট্রাম্প। তাঁর হুঁশিয়ারি, অবিলম্বে হরমুজ় না খুললে ইরানের জল পরিশোধন কেন্দ্রগুলিকে নিশানা করবে আমেরিকা।

খবর, ইরান যুদ্ধে আমেরিকা স্থলসেনা নামানোর প্রস্তুতি শুরু করলেও, এ ক্ষেত্রে আমেরিকার সঙ্গী হচ্ছে না ইজ়রায়েল। অন্য দিকে, সংযুক্ত আরব আমিরশাহিও ইরানের বিরুদ্ধে যুদ্ধে শামিল হতে পারে, এমন কথা প্রায়ই সামনে আসছে। এই প্রসঙ্গে আমেরিকান অর্থনীতিবিদ জেফ্রি শ্যাকসের সতর্কবার্তা, যুদ্ধে আমিরশাহি জড়িয়ে পড়লে দুবাই ও আবু ধাবির মতো শহরগুলি ধ্বংস হয়ে যেতে পারে।

গত কয়েক সপ্তাহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা মোজতবা খামেনেইকে একাধিক বার নিহত বলে আমেরিকার তরফে ঘোষণা করা হলেও, সোমবার সামনে এসেছে তাঁর এক লিখিত বার্তা। ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, সেই বার্তায় কঠিন পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়ানোর জন্য ইরাকের মানুষ এবং সরকারকে ধন্যবাদজানিয়েছেন মোজতবা।

সংবাদ সংস্থাটির আরও দাবি, গুরুতর জখম মোজতবা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আমেরিকার হানায় আজ ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর, বিমানটির এই সপ্তাহেই মানবিক সহায়তা সংগ্রহের জন্য দিল্লি যাওয়ার কথা ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন