Israel-Hezbollah Clash

ইরান সমর্থিত হিজ়বুল্লাকে ‘জব্দ’ করতে ইজ়রায়েলের নিশানায় এ বার লেবানন, রাজধানী বেইরুটে হামলা, ধোঁয়ায় ঢাকল এলাকা

লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লাকে পাল্টা জবাব দিতে এ বার লেবাননের রাজধানী বেইরুটে হামলা চালাল ইজ়রায়েল। ‘আল জাজ়িরা’-র প্রতিবেদন অনুসারে, সোমবার ভোরে বেইরুটে বোমা ফেলেছে ইজ়রায়েল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৯:৩৪
Share:

ইজ়রায়েলি হানার পর লেবাননের রাজধানী বেইরুটের অবস্থা। ছবি: সংগৃহীত।

ইজ়রায়েল এবং আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ ক্রমশ পরিধি বিস্তার করছে। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লাকে পাল্টা জবাব দিতে এ বার লেবাননের রাজধানী বেইরুটে হামলা চালাল ইজ়রায়েল। আল জাজ়িরার প্রতিবেদন অনুসারে, সোমবার ভোরে বেইরুটে বোমা ফেলেছে ইজ়রায়েল। একাধিক ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, কালো ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে। (যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

রবিবার বেশি রাতে ইজ়রায়েলকে নিশানা করে পর পর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হিজ়বুল্লা। সোমবার ভোর থেকে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনীও প্রত্যাঘাত শুরু করেছে। ইজ়রায়েলের সামরিক বাহিনীর তরফে অবশ্য আগেই হিজ়বুল্লা প্রভাবিত দক্ষিণ লেবাননের ৫৩টি গ্রাম থেকে স্থানীয়দের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তার পরেই তিনটি গ্রামে আকাশপথে হামলা চালায় ইজ়রায়েলি বাহিনী। লেবাননের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, ইজ়রায়েল-হিজ়বুল্লা সংঘাত শুরু হওয়ার পর সে দেশের দক্ষিণ প্রান্ত থেকে বহু মানুষ বেইরুটের দিকে চলে যাচ্ছেন। এই পরিস্থিতিতে ইজ়রায়েল খাস বেইরুটে হামলা চালানোয় পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত সেখান থেকে হতাহতের খবর আসেনি।

ইজ়রায়েলের সেনা দাবি করেছে, বেইরুটে হিজ়বুল্লার কয়েক জন শীর্ষনেতার মৃত্যু হয়েছে তাদের হামলায়। গোলাগুলি চলছে। এর আগেও ইজ়রায়েলের সঙ্গে লেবাননের হিজ়বুল্লা গোষ্ঠী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। ২০২৪ সালের নভেম্বরে আমেরিকার হস্তক্ষেপে তাদের মধ্যে শান্তি-সমঝোতা হয়। খামেনেইয়ের মৃত্যুর পর এই প্রথম সেই চুক্তি লঙ্ঘিত হল। তবে হিজ়বুল্লার কার্যকলাপে সায় নেই লেবানন সরকারের। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইজ়রায়েলে হিজ়বুল্লার আক্রমণকে ‘দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক’ বলেছেন। তাঁর দাবি, এর ফলে দেশের নিরাপত্তা বিপন্ন হয়েছে এবং ইজ়রায়েল তাদের আগ্রাসন চালিয়ে যাওয়ার সুযোগ ও অজুহাত পেয়েছে। লেবাননে হামলার জন্য হিজ়বুল্লার পদক্ষেপকে দায়ী করেছে ইজ়রায়েলের বাহিনীও।

Advertisement

গত শনিবার ইরানে হামলা চালিয়েছে ইজ়রায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী। তাতেই মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। রবিবার সকালে ইরানের সরকারি সংবাদসংস্থা এই খবর নিশ্চিত করতেই পশ্চিম এশিয়ায় উত্তাপ বেড়ে যায় কয়েক গুণ। যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে ইরানও পাল্টা পশ্চিম এশিয়ার একাধিক দেশে হামলা চালায়। বোমা ফেলা হয় সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, কাতারের মতো দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement