West Asia Situation

নেতানিয়াহুদের সঙ্গে প্রতিরক্ষাচুক্তি স্থগিত করে দিলেন মেলোনি! জানালেন, উদ্ভূত পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত

পশ্চিম এশিয়ায় সংঘর্ষে প্রতিবাদে এর আগেও সরব হয়েছে আমেরিকার ‘বন্ধু রাষ্ট্র’ বলে পরিচিত ইটালি। এমনকি পশ্চিম এশিয়ার পরিস্থিতির জন্য আমেরিকাকেও দুষেছেন মেলোনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৭:১৩
Share:

(বাঁ দিকে) বেঞ্জামিন নেতানিয়াহু। জর্জিয়া মেলোনি (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইজ়রায়েলের সঙ্গে প্রতিরক্ষাচুক্তি স্থগিত করে দিল ইটালি। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জানা যাচ্ছে, দু’দেশের মধ্যে বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি বিনিময় হত এই প্রতিরক্ষাচুক্তির আওতায়। প্রতি বছর পুনর্নবীকরণ হত এই চুক্তির। তবে এ বার ওই চুক্তি আর পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছেন মেলোনি।

Advertisement

ইটালির সংবাদসংস্থা আনসা অনুযায়ী, সে দেশের ভেরোনায় এক শিল্পমেলায় গিয়ে এই মন্তব্য করেন মেলোনি। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার ইজ়রায়েলের সঙ্গে প্রতিরক্ষাচুক্তির পুনর্নবীকরণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।” তবে এ বিষয়ে বিশদে কোনও মন্তব্য করেননি ইটালির রাষ্ট্রপ্রধান।

পশ্চিম এশিয়ায় সংঘর্ষে প্রতিবাদে এর আগেও সরব হয়েছে আমেরিকার ‘বন্ধু রাষ্ট্র’ বলে পরিচিত ইটালি। এমনকি পশ্চিম এশিয়ার পরিস্থিতির জন্য আমেরিকাকেও দুষেছেন মেলোনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর ইজ়রায়েল এবং আমেরিকা যৌথ ভাবে হামলা (যার পোশাকি নাম যথাক্রমে ‘অপারেশন লায়নস রোর’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’) চালিয়েছিল। ওই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই।

Advertisement

ওই হামলার পরে নিয়ে ইটালির প্রধানমন্ত্রী মেলোনি বুধবার ইরানে হামলার জন্য নিশানা করেন আমেরিকাকে। তিনি বলেন, ‘‘এমন সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি বিপজ্জনক প্রবণতা।’’ মেলোনির উদ্যোগে গত মাসে যুদ্ধবিরতির আবেদন জানিয়ে একটি প্রস্তাবও পাশ হয় ইটালির পার্লামেন্টে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement