পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। —ফাইল চিত্র।
বিস্ফোরণ হল ইরানের ইস্পাহান। রয়টার্স জানাচ্ছে, মঙ্গলবার দুপুরে ইস্পাহান জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যদি কী বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই শহরে ইরানের অন্যতম পরমাণুকেন্দ্র রয়েছে। গত বছর এখানেই হামলা চালিয়েছিল আমেরিকা।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে দ্রুত বেছে নিতে চাইছে তেহরান। খামেনেইয়ের মৃত্যুর পরে এ বিষয়ে আলোচনাও বৃদ্ধি পেয়েছে ইরানে। সে দেশে সর্বোচ্চ নেতাকে বেছে নেওয়ার দায়িত্বে রয়েছে অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্স। ওই গোষ্ঠী জানিয়েছে, খামেনেইয়ের উত্তরসূরি বাছাই করতে বেশি সময় লাগবে না।
কুয়েতেও আপাতত দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আমেরিকা। সোমবার কুয়েত সিটিতে মার্কিন দূতাবাসে হামলা হয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত ওই দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আমেরিকা।
সৌদি আরবে মার্কিন দূতাবাস থেকে আমেরিকার নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত দূতাবাসে না-যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। বস্তুত, মঙ্গলবার ভোরেই রিয়াধে মার্কিন দূতাবাসে ড্রোন আছড়ে পড়েছে।
ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে একটি মার্কিন সেনাঘাঁটিতে ফের হামলা হয়েছে। সেনাঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি স্থানীয় পুলিশের। উদ্ভূত পরিস্থিতিতে, মার্কিন আধিকারিকদের আপাতত ইরাকে প্রয়োজন নেই, তাঁদের অবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকার স্বরাষ্ট্র দফতর।
ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল ফেসিলিটি’ ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী। মঙ্গলবার এমনটাই দাবি করেছে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বেশ কিছু সামরিক বিমানক্ষেত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি আমেরিকার।
ইজ়রায়েলের উত্তর প্রান্তে নতুন করে হামলা শুরু করে সশস্ত্র হিজবুল্লা বাহিনী। লেবাননের ওই সশস্ত্র বাহিনীর দাবি, তারা ড্রোন হামলা করেছে ইজ়রায়েলে।
পশ্চিম এশিয়ায় আরও বাহিনী পাঠাচ্ছে আমেরিকা। সোমবারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই যুদ্ধ আগামী এক মাসের মধ্যে থামবে বলে মনে করছেন না তিনি। যদিও ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, ইরানের সঙ্গে অনন্তকাল ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষপাতী নন তিনি। এ অবস্থায় পশ্চিম এশিয়ায় আরও বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা।
রিয়াধ এবং আল খরজের কাছে আটটি ড্রোন ধ্বংস করেছে সৌদির বাহিনী। মঙ্গলবার ভোরে এমনটাই জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক। রাজধানী রিয়াধ থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে আল খরজ। এর কাছেই রয়েছে প্রিন্স সুলতান বিমানঘাঁটি। আগে এটি সৌদির ঘাঁটি ছিল, কিন্তু এখন মার্কিন বাহিনীই সেটি ব্যবহার করে বলে জানা যায়।
আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনেসকোর স্বীকৃতি প্রাপ্ত গোলেস্তান প্রাসাদ। এমনটাই দাবি ইরানের।
ইরানের সঙ্গে সংঘর্ষ প্রসঙ্গে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘ফক্স নিউজ়’কে বলনে, “আমরা কোনও অন্তহীন যুদ্ধ চালিয়ে যেতে চাই না। আমরা দ্রুত এবং চূড়ান্ত কোনও পদক্ষেপ করতে চাইছি।”
সীমিত পরিসরে খুলল পশ্চিম এশিয়ার বেশ কিছু বিমানবন্দর। গত শনিবার আমেরিকা এবং ইজ়রায়েল ইরানে হামলা চালানোর পর বিভিন্ন দেশ নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। পরে বিভিন্ন উড়ান সংস্থাও পশ্চিম এশিয়ায় পরিষেবা সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। তবে সোমবার রাত থেকেই দুবাই এবং আবু ধাবি বিমানবন্দরে সীমিত পরিসরে পরিষেবা চালু হয়েছে। আবু ধাবি থেকে একটি বিমান ইতিমধ্যে দিল্লিতে পৌঁছেও গিয়েছে।
ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেসিস্ট্যান্স এ বার হামলা চালাল মার্কিন সেনার উপরে। রয়টার্স জানাচ্ছে, এরবিল শহরে একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। ওই হোটেলেই মার্কিন বাহিনী ছিল বলে রয়টার্স জানাচ্ছে।
কে বা কারা রিয়াধে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, দু’টি ইরানি ড্রোনই হামলা চালিয়েছে দূতাবাসে।
পশ্চিম এশিয়ার একের পর এক দেশে যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়েছে। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে কুয়েত ১৭৮টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৮৪টি ড্রোন হানা ঠেকিয়েছে।
রিয়াধে মার্কিন দূতাবাসে হামলার প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। তিনি বলেন, “এর জবাব কী ভাবে দেওয়া হয়, তা এ বার দেখাব।”
এ বার হামলা হল সৌদি আরবের রিয়াধে মার্কিন দূতাবাসে। সোমবার বেশি রাতের দিকে রিয়াধে মার্কি দূতাবাসে হামলা হয়। দু’টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। দূতাবাসে আগুন ধরে যাওয়ার খবরও মিলেছে। যদিও কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।