পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। ছবি: রয়টার্স।
বৃহস্পতিবার থেকেই বেন গুরিয়ন বিমানবন্দর আংশিক খুলে দিচ্ছে ইজ়রায়েল। আন্তর্জাতিক বিমান পরিবহণের ক্ষেত্রে এটিই হল ইজ়রায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর। জানা যাচ্ছে, আপাতত শুধু ইজ়রায়েলমুখী বিমানের জন্য বিমানবন্দরটি খোলা হচ্ছে। তবে ইজ়রায়েল থেকে অন্য দেশে যাওয়ার বিমান বৃহস্পতিবার থেকে চালু হবে কি না, তা স্পষ্ট নয়।
লেবাননে ইজ়রায়েলি হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার এমনটাই জানিয়েছে লেবাননের প্রশাসন।
অন্ধকারে ডুবল গোটা ইরাক। ইরাকের বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে, সব প্রদেশে ‘ব্ল্যাকআউট’ হয়ে গিয়েছে। তবে কী কারণে তা হয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে স্পেনের অবস্থানে অসন্তুষ্ট ট্রাম্প। স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার পরেও নিজের সিদ্ধান্তে অবিচলই রইলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ়। তিনি বলেন, “স্পেনের সরকারের অবস্থান সংক্ষেপে বলতে গেলে এটাই বলা যায়— স্পেন যুদ্ধের বিরুদ্ধে। প্রথমত, আমরা আন্তর্জাতিক আইন ভাঙার বিরুদ্ধে। এই আন্তর্জাতিক আইনই আমাদের সকলকে বাঁচিয়ে রেখেছে। বিশেষত ঝুঁকিপূর্ণ সময়ে সাধারণ নাগরিককে রক্ষা করে এই আইন। দ্বিতীয়ত, সংঘর্ষ এবং বোমার মাধ্যমে সমস্যার সমাধান করা যায় না।”
দুবাইয়ের কাছে এক পণ্যবাহী জাহাজে হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। ব্রিটেনের সমুদ্র-বাণিজ্য নজরদার সংস্থা জানাচ্ছে, এক পণ্যবাহী জাহাজের কাছেই বিস্ফোরণ হয়েছে। তবে জাহাজের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লাও নতুন করে হামলা শুরু করেছে ইজ়রায়েলে। জানা যাচ্ছে, ইজ়রায়েলের হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তারা।
ইজ়রায়েলের দিকে ফের এক দফা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এর কিছু ক্ষণ পরেই জানা যায়, মধ্য এবং উত্তর ইজ়রায়েলে সাইরেন বাজতে শুরু করেছে। টাইমস অফ ইজ়রায়েল জানাচ্ছে, জেরুসালেম, তেল আভিব-সহ মধ্য ইজ়রায়েলের বিস্তীর্ণ অঞ্চলে সাইরেন বাজতে শুরু করেছে।
হরমুজ প্রণালীতে হামলা হল এক পণ্যবাহী জাহাজে। ওমান উপকূলের কাছে হামলাটি হয়েছে বলে জানাচ্ছে ব্রিটেনের সমুদ্র-বাণিজ্য নজরদার সংস্থা। জাহাজটিতে মলটার পতাকা রয়েছে। তারা জানাচ্ছে ওই হামলার ফলে জাহাজের ইঞ্জিন কক্ষে আগুন ধরে গিয়েছে।
আমেরিকার রাজস্বসচিব স্কট বেসান্তের দাবি, ইরানের আকাশের সম্পূর্ণ দখল চলে এসেছে আমেরিকার হাতে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে এমনটাই জানিয়েছেন তিনি।
তুরস্কের দিকেও কি হামলা শুরু করল ইরান! বুধবার তুরস্কের আকাশসীমার দিকে যাচ্ছিল একটি ইরানি ক্ষেপণাস্ত্র। কিন্তু তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে ধ্বংস করে দেয় আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো। তুরস্ক সরকার জানিয়েছে, ইরান থেকে একটি ক্ষেপণাস্ত্র ইরাক এবং সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। নেটো বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করে দিয়েছে।
আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির মাঝে ইরানে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বুধবার ইরান সরকারকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে এপি। ইরানি সরকারের দাবি, যুদ্ধ পরিস্থিতিতে এখনও পর্যন্ত ১,০৪৫ জনের মৃত্যু হয়েছে।
আয়াতোল্লা আলি খামেনেইয়ের স্মরণসভা পিছিয়ে গেল। বুধবার স্থানীয় সময়ে সকাল ১০টায় ওই স্মরণসভা শুরু হওয়ার কথা ছিল তেহরানে। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে। আধিকারিক সূত্রে ইরানের সংবাদসংস্থা তাসনিম জানাচ্ছে, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে এটি পিছিয়ে দেওয়া হয়েছে।
তেহরানের আকাশে ইজ়রায়েলি হামলায় ধ্বংস হয়েছে এক ইরানি যুদ্ধবিমান। এমনটাই দাবি করছে ইজ়রায়েলি বাহিনী। তাদের দাবি, ইরানের একটি ওয়াইএকে-১৩০ যুদ্ধবিমানকে ধ্বংস করেছে ইজ়রায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান।
সামরিক সংঘাত শুরুর ১০০ ঘণ্টারও কম সময়ে ইরানের দু’হাজার জায়গাকে নিশানা বানিয়েছে তারা। শুধু তা-ই নয়, সে দেশের নৌসেনার একটি ডুবোজাহাজ-সহ মোট ১৭টি জাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে। আবার দাবি করল আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একইসঙ্গে তারা দাবি করেছে, বি১, বি২ বম্বার দিয়ে ইরানের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ও করা হয়েছে।
হরমুজ় প্রণালী ‘সম্পূর্ণ দখল’ করে নেওয়া হয়েছে বলে দাবি করল ইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’ (আইআরজিসি) বাহিনী! সেই খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত পড়েছে বিশ্বের অনেক দেশের। বর্তমানে হরমুজ় প্রণালীকে ঘিরে রয়েছে শ’য়ে শ’য়ে জাহাজ। না-এগোতে পারছে, না-পিছোতে। ইরানের জারি করা বিধিনিষেধের কারণে হরমুজ় প্রণালীতে জাহাজ চলাচল স্তব্ধ।