বাহরিনের প্রধান তেল পরিশোধনাগার বাপকোতে ধোঁয়া। ছবি: রয়টার্স।
ইরানের নতুন সর্বোচ্চ নেতার নির্বাচন নিয়ে মুখ খুলল চিন। চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এটি ইরানের অভ্য়ন্তরীণ বিষয়। সংবিধান মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিন থেকে জলপথে ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল নিয়ে যাচ্ছে ইরান? উপগ্রহচিত্র এবং অন্য তথ্য বিশ্লেষণ করে এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সম্প্রতি চিনের দক্ষিণ-পূর্ব উপকূলের এক বন্দর থেকে রওনা দিয়েছে দুই ইরানি জাহাজ। সেগুলিতে ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সোডিয়াম পারক্লোরেট থাকার সম্ভাবনাই প্রবল বলে দাবি করা হচ্ছে রিপোর্টে।
পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ পরিস্থিতি আর কত দিন চলবে, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আমেরিকা। এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জয়শঙ্কর রাজ্যসভায় বলেন, “ভারতীয়দের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আমাদের জাতীয় স্বার্থ সর্বদাই গুরুত্বপূর্ণ।” সম্প্রতি আমেরিকার অর্থ দফতরের সচিব স্কট বেসেন্ট দাবি করেন, আন্তর্জাতিক বাজারে তেলের জোগান সুনিশ্চিত রাখতে রাশিয়ার তেল কেনার বিষয়ে ভারতকে ৩০ দিনের ছাড় দেওয়া হয়েছে। নয়াদিল্লি ডোনাল্ড ট্রাম্পের কথায় তেল আমদানির সিদ্ধান্ত নেবে কি না, তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রী জানিয়ে দিলেন, এ ক্ষেত্রে জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে। তিনি বলেন, “জ্বালানি-নিরাপত্তা নিয়ে সরকার দায়বদ্ধ রয়েছে। খরচ, ঝুঁকি, জোগান কেমন রয়েছে, সেই বিষয়গুলি মাথায় রাখা হচ্ছে।
ইরানের তিনটি জাহাজকে ভারতীয় বন্দরে ঢোকার অনুমতি দিয়েছে ভারত। সোমবার রাজ্যসভায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বলতে উঠে এমনটাই জানালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। গত ১ মার্চ ভারতের তরফে ইরানের তিনটি জাহাজকে ভারতীয় বন্দরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সরকার মনে করছে, এ ক্ষেত্রে সঠিক কাজই করা হয়েছে। তিনটি ইরানি জাহাজের মধ্যে একটি কেরলের কোচি বন্দরে রয়েছে বলেও জানিয়েছেন জয়শঙ্কর।
লেবাননে সাদা ফসফরাসের শেল ফেলেছে ইজ়রায়েল, দাবি মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইট্স ওয়াচ’-এর। সোমবার একটি রিপোর্টে তারা দাবি করেছে, বেআইনি ভাবে ইজ়রায়েল দক্ষিণ লেবাননের একটি গ্রামে বসত এলাকায় সাদা ফসফরাসের শেল প্রয়োগ করেছে। তার আগে এলাকা খালি করতে বলা হয়েছিল বাসিন্দাদের। এতে হতাহতের খবর এখনও নিশ্চিত করা যায়নি। সাদা ফসফরাস প্রয়োগ আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। এতে যে কোনও বাড়িতে আগুন ধরে যেতে পারে, সাধারণ মানুষের চামড়া পুড়ে যেতে পারে মুহূর্তে।
দেশের অভ্যন্তরে জ্বালানির দাম বেঁধে দিচ্ছে দক্ষিণ কোরিয়া। গত ৩০ দশকে সে দেশের সরকার এমন সিদ্ধান্ত নেয়নি। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে এই ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং।
বাহরিনের বাপকো তৈল পরিশোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার সকাল থেকে পুরু ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। বাহরিন সরকার এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করেনি। তবে এর আগে সিত্রা এলাকায় ড্রোন হামলার কথা জানানো হয়েছিল। সেখানে বেশ কয়েক জন আহতও হন। বাহরিনের প্রধান তৈল পরিশোধনাগার বাপকো।
ইরাকে দু’টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ফের ড্রোন হামলা চালানো হয়েছে। রয়টার্স নিরাপত্তাবাহিনীর সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে। বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে সি-র্যাম প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু রকেট এবং ড্রোন প্রতিহত করেছে।
খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী স্বতন্ত্র ভাবে কাজ করছিল বলে দাবি করে তেহরান। সোমবার সর্বোচ্চ নেতা হিসাবে মোজতবার নাম ঘোষণার পর এই বাহিনী তাঁর আনুগত্য স্বীকার করেছে।
সংযুক্ত আরব আমিরশাহিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, আমিরশাহির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ক্ষেপণাস্ত্র মোকাবিলার চেষ্টা চলছে।
লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজ়বুল্লাকে নিশানা করে ইজ়রায়েলের হামলা অব্যাহত। সোমবার সকালেও বেইরুটে হিজ়বুল্লাদের ঘাঁটি লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে। নাগরিকেরা ত্রস্ত।
ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল। তাদের সেনাবাহিনীর (আইডিএফ) তরফে জানানো হয়েছে, মধ্য ইরানের সামরিক কাঠামো লক্ষ্য করে নতুন করে গোলাবর্ষণ শুরু হয়েছে। ইরানের নেতৃত্বস্থানীয়দের নিশানা করছে ইজ়রায়েলি বাহিনী।
সৌদি আরবের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে যুদ্ধের শুরু থেকেই হামলা চালিয়ে আসছে ইরান। সোমবার সৌদির বিদেশ মন্ত্রক তেহরানকে উদ্দেশ করে জানিয়েছে, হামলা চলতে থাকলে উত্তেজনা বাড়বে এবং দুই দেশের সম্পর্কে তার বিরূপ প্রভাব পড়বে।
সৌদি আরবে আমেরিকার যে সমস্ত কর্মচারী রয়েছেন, তাঁদের অবিলম্বে ওই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। বিদেশ দফতর থেকে বলা হয়েছে, যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নন, তাঁদের সৌদি ছাড়তে হবে নিরাপত্তার কারণে।