Iran War

সংযুক্ত আরব আমিরশাহির পর এ বার সৌদি যুবরাজ, বাহরিনের রাজার সঙ্গে ফোনে কথা মোদীর, কী বার্তা দিলেন?

মোদী সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে আলোচনা করেছি। ভারতের পক্ষ থেকে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে সাম্প্রতিক হামলাগুলির নিন্দা জানানো হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ২১:২৯
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং মহম্মদ বিন সলমন (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইরানের উপর আমেরিকা এবং ইজ়রায়েলের হামলার জেরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে ওই অঞ্চলে কর্মরত কয়েক লক্ষ ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে রবিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছিলেন। সোমবার সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন এবং বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে কথা বললেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে ওই তিন দেশে ইরানের হামলার পরেই আলোচনা হল তাঁর।

Advertisement

মোদী সমাজমাধ্যমে সলমনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সোমবার লিখেছেন, ‘‘পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে আলোচনা করেছি। ভারতের পক্ষ থেকে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে সাম্প্রতিক হামলাগুলির নিন্দা জানানো হচ্ছে। আমরা একমত হয়েছি যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দ্রুততম পুনঃপ্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কঠিন সময়ে ভারতীয় জনগোষ্ঠীর কল্যাণের খোঁজখবর রাখার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি।’’

প্রসঙ্গত, রবিবার সমাজমাধ্যম পোস্টে মোদী লিখেছিলেন, ‘‘সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট, আমার ভাই শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছি। সংযুক্ত আরব আমিরশাহির উপর হামলার তীব্র নিন্দা জানাই এবং এই হামলায় প্রাণহানির জন্য সমবেদনা জানাই। এই কঠিন সময়ে ভারত সর্বোত ভাবে সংযুক্ত আরব আমিরশাহির পাশে রয়েছে। বাহারিনের রাজা হামাদের সঙ্গে আলোচনাতেও মোদী সে দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেছেন। পাশাপাশি, ইরানি হামলায় মৃত্যু নিয়েও সমবেদনা জানিয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের উপর ইজ়রায়েল ও আমেরিকার বিমান হামলার (যার পোশাকি নাম যথাক্রমে ‘অপারেশন লায়নস রোর’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’) জবাবে ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় আমেরিকার মিত্রদেশগুলিকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সেই তালিকায় রয়েছে বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরব। এখনও পর্যন্ত নয়াদিল্লির তরফে ইরানের উপর ইজ়রায়েল-আমেরিকার হামলার কোনও নিন্দা করা হয়নি। শোকপ্রকাশ করা হয়নি মার্কিন হামলার নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু নিয়েও। কিন্তু তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ওয়াশিংটনের সহযোগী তিন দেশের রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনা এবং ইরানের পাল্টা হামলার নিন্দা করে মোদী জোটবদ্ধ আরব দুনিয়ার পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement