Iran War

গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি

রাষ্ট্রদূত প্রত্যাহারের পাশাপাশি ইজ়রায়েলের দূতাবাসটিও ‘স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে’ বলে বুধবার জানিয়েছে স্পেন সরকার। এর আগে ইরান বিরোধী অভিযানে স্পেন তার দেশের মাটি ব্যবহার করতে দেয়নি আমেরিকাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ২১:৩৬
Share:

যৌথবাহিনীর হামায় বিধ্বস্ত ইরান। ছবি: রয়টার্স।

ইরানের উপর আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলার প্রতিবাদ করেছিল আগেই। এ বার ইজ়রায়েলের সঙ্গে স্থায়ীভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করল স্পেন। রাষ্ট্রদূত প্রত্যাহারের পাশাপাশি ইজ়রায়েলের দূতাবাসটিও ‘স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে’ বলে বুধবার জানিয়েছে স্পেন সরকার। আপাতত জরুরি কাজগুলি পরিচালনার জন্য দূতাবাসে এক জন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ থাকবেন। অন্য দিকে, পশ্চিম এশিয়ায় অশান্তির জন্য বুধবার আমেরিকার দিকে অভিযোগের আঙুল তুলেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি!

Advertisement

ইরানের বিরুদ্ধে নিজেদের দেশের জমি ব্যবহার করতে না দেওয়ার ‘অপরাধে’ ইতিমধ্যেই স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। গত ৪ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ঘোষণা করেছিলেন। কিন্তু তাতে দমে না গিয়ে এ বার আমেরিকার সামরিক মিত্র ইজ়রায়েলের বিরুদ্ধে পদক্ষেপ করল স্পেন। এর আগে ২০২৪ সালের ২৪ মে ওয়াশিংটন এবং তেল আভিভের আপত্তি উপেক্ষা করে স্পেন আনুষ্ঠানিক ভাবে প্যালেস্টাইনকে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ হিসাবে স্বীকৃতি দিয়েছিল। যা নিয়ে তেল আভিভ এবং ওয়াশিংটনের সঙ্গে মাদ্রিদের সংঘাত প্রকাশ্যে চলে আসে।

‘ট্রাম্পের মিত্র’ হিসাবে পরিচিত ইটালির প্রধানমন্ত্রী মেলোনিও বুধবার ইরানে হামলার জন্য নিশানা করেছেন আমেরিকাকে। তিনি বলেন, ‘‘এমন সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি বিপজ্জনক প্রবণতা।’’ মেলোনির উদ্যোগে বুধবার যুদ্ধবিরতির আবেদন জানিয়ে একটি প্রস্তাবও পাশ করেছে ইটালির পার্লামেন্ট। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর ইজ়রায়েল ও আমেরিকার বিমান হামলা (যার পোশাকি নাম যথাক্রমে ‘অপারেশন লায়নস রোর’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’) চালিয়েছিল। মার্কিন যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা ‘বাঙ্কার ব্লাস্টার’ বোমায় মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের। সেই সময়ই জখম হন তাঁর স্ত্রী খোজাস্তেহ বাঘেরজ়াদেহ। পরে তাঁর মৃত্যু হয়। মাদ্রিদ সে সময়ই স্পষ্ট জানিয়েছিল, এমন সামরিক হস্তক্ষেপে তাদের সায় নেই। এ বার একই বার্তা এল রোমের তরফেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement