পুজোয় এ বার ঘরে বসেই স্যালঁ-লুক, পার্লারে নয়, বাড়িতেই হবে বাজিমাত!
এখন ঘরেই হয়ে যাবে স্যালঁ-লুক ম্যানিকিওর— প্রেস-অন নেলসের টিপ্স মেনে চললেই যথেষ্ট।
১। আর মাত্র কয়েক দিন বাকি, তার পরেই তো দেবীর আগমন। বাতাসে এখন শিউলির মিষ্টি গন্ধ। মনে মনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিদিনের বাহারি জামাকাপড়ের সঙ্গে নখের সাজও তো চাই নিখুঁত! তবে এ বার মনে হচ্ছে স্যালঁয় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার সময় নেই? তারও কিন্তু বেশ সুন্দর সমাধান রয়েছে। এখন ঘরেই হয়ে যাবে স্যালঁ-লুক ম্যানিকিওর— প্রেস-অন নেলসের টিপ্স মেনে চললেই যথেষ্ট।
২। ভরসা রাখুন প্রেস-অন নেলস-এ। এই কিটের মধ্যে থাকে আপনার হাতের মাপসই নানা আকারের কৃত্রিম নখ, আর সঙ্গে থাকে আঠা বা ডবল-সাইডেড টেপ।
৩। ঘরে বসেই একদম নিখুঁত নখ পাবেন, মনে হবে যেন নামী স্যালঁয় গিয়েই কাজটি করা হয়েছে। নেল আর্টের দুনিয়ায় যাঁরা নতুন, তাঁদের জন্যও এটা দারুণ এক উপায়। সামান্য কিছু কৌশল জানা থাকলেই বাজিমাত করা সম্ভব।
৪। কৃত্রিম নখ লাগানোর আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমেই আসল নখগুলো পরিষ্কার করে নিন। যদি নখ পরিষ্কার না থাকে, তা হলে আঠার জোর কমে যাবে।
৫। এর পরে নখগুলি ছোট করে ছাঁটা হলে প্রেস-অন নখ সহজে বসবে। নরম বাফার দিয়ে নখের উপরের অংশ হালকা ঘষে মসৃণ করে নিন, আঠা ভাল ভাবে বসবে।
আরও পড়ুন:
৬। একই ভাবে কিউটিকলগুলোও পিছনের দিকে ঠেলে দিন, তা হলে নখ বসাতে সুবিধে হবে।
৭। এর পরে অ্যালকোহল ওয়াইপ দিয়ে নখ পরিষ্কার করে তেল বা ময়লার অবশেষ দূর করে নিন। কারণ নখের উপরে সামান্য তেল থাকলেও আঠা সহজে বসতে চায় না।
৮। নখ বসানোর সময়ে একটু সাবধানে কাজ করতে হয়। খেয়াল রাখতে হবে যেন নখের আকার হাতের সঙ্গে মানানসই হয়। গ্রিট নেল ফাইল দিয়ে নখগুলো প্রয়োজন অনুযায়ী শেপ করে নিন।
৯। আঠা কেবল আসল নখেই নয়, প্রেস-অন নখের উল্টো দিকেও সামান্য পরিমাণে লাগিয়ে নিন। এর পরে নখটা কিউটিকলের সঙ্গে মিলিয়ে বসিয়ে কমপক্ষে ২০-৩০ সেকেন্ড ধরে রাখুন। এমন করলে আঠা সমান ভাবে বসবে।
আরও পড়ুন:
১০। এর পরে চাইলে আপনার পছন্দের আকারে নখগুলিকে ফাইল করে নিতে পারেন। নখে একটা টপ কোট লাগিয়ে নিলে নখ আরও চকচকে ও মজবুত হবে।
১১। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নখ লাগানোর পরে অন্তত ১-২ ঘণ্টা হাত জল থেকে দূরে রাখতে হবে। এই সময়টুকুতে আঠা ভাল করে এঁটে যাবে।
১২। সব শেষে ক’দিন পরে নখ যদি খুলতে চান, তা হলে জোরাজুরি না করে গরম জলে কিছু ক্ষণ ডুবিয়ে রাখুন। আঠা নরম হয়ে নখ নিজে থেকেই উঠে আসবে। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)