Budh Gochar February 2026

কুম্ভে বুধ-রাহুর সংযোগ! ছায়া গ্রহের সঙ্গে বুদ্ধির গ্রহের সম্পর্কে পাঁচ রাশির জীবনে বইবে সুপবন, তালিকায় কারা?

ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ। সেখানে আগে থেকেই বসে রয়েছে রাহু। কুম্ভে সংযোগ স্থাপন করবে বুধ এবং রাহু।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৬
mercury

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সমস্ত গ্রহই নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে। যারা ধীর গতির গ্রহ, তারা এক রাশিতে বেশ অনেক দিন থাকে। অন্য দিকে দ্রুত গতির গ্রহেরা এক রাশিতে বেশি দিন থাকে না। কিছু দিন পর পরই তারা এক রাশি থেকে অপর রাশিতে গমন করে। বুধ দ্রুত গতির গ্রহ। সে এক রাশিতে বেশি দিন থাকে না। ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই বসে রয়েছে রাহু। কুম্ভে আসার পর রাহুর সঙ্গে সংযোগ স্থাপন করবে বুধ। এর ফলে পাঁচ রাশির ব্যক্তিরা লাভবান হতে পারেন। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।

Advertisement

বুধের কুম্ভে প্রবেশে কাদের ভাল সময় কাটবে?

মেষ: বুধের কুম্ভে প্রবেশে মেষ জাতক-জাতিকাদের সুখের দিন শুরু হবে। বুদ্ধির বলে আপনারা অন্যদের পিছনে ফেলে অনেকটা এগিয়ে যেতে পারবেন। নতুন নতুন সংযোগ স্থাপন করতে সক্ষম হবেন। যা আপনাদের পেশাক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে। বন্ধু সংখ্যাও বৃদ্ধি পাবে। এর ফলে একাকিত্ব আপনাদের গ্রাস করতে পারবে না। ফাঁকা সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মজাদার মুহূর্ত কাটাতে পারবেন। যে সকল মেষ জাতক-জাতিকা চাকরি ছেড়ে ব্যবসার দিকে বাঁক নেবেন বলে ভাবছিলেন, তাঁরা এই সময় ব্যবসা সংক্রান্ত কোনও কার্যকরী ধারণা অপরের থেকে পেতে পারেন।

মিথুন: বুধের রাশি পরিবর্তনে মিথুনের জাতক-জাতিকারা বুধ এবং রাহুর সংযোগে লাভবান হবেন। শিক্ষার সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা এই সময় খুব ভাল ফল পেতে চলেছেন। যে মিথুন জাতক-জাতিকারা বহু দিন ধরে নতুন কিছু শেখার কথা ভাবছেন, তাঁরা এই সময় চেষ্টা করে দেখতে পারেন। ভাল ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় আপনাদের জ্ঞান এবং বাচন ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে কর্মক্ষেত্রে সকলে আপনাদের প্রশংসা করবেন। ভ্রমণের সুযোগ পেলে অবশ্যই যান। সেই ভ্রমণ আপনার জীবনে উন্নতির নতুন পথ খুলে দিতে পারে।

সিংহ: সিংহ জাতক-জাতিকারা নানা দিক থেকে উন্নতির মুখ দেখতে পাবেন। বুধের রাশি পরিবর্তন আপনাদের বাচন ক্ষমতার উন্নতি ঘটাবে। এর ফলে নতুন সংযোগ স্থাপনে সক্ষম হবেন। সেই সংযোগ আপনাদের নানা দিক থেকে এগিয়ে যেতে সাহায্য করবে। চাকরি হোক বা ব্যবসা, উভয় ক্ষেত্রেই লাভবান হবেন। কোনও নতুন প্রকল্পে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যা আপনাকে পেশাক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। সম্পর্কের ক্ষেত্রেও সুপরিবর্তন দেখা যাবে। জীবনে নতুন প্রেম আসতে পারে। যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁদের বন্ধন আরও দৃঢ় হবে। দাম্পত্যজীবনে উটকো অশান্তি থেকে মুক্তি মিলবে।

তুলা: বুধের রাশি পরিবর্তন তুলা জাতক-জাতিকাদের সৃজনশীল নানা বিষয়ে নতুন রং লাগাবে। নিজের চরিত্রের এমন কোনও দিক যা আপনাদের কাছেই অজানা, তার সন্ধান পেতে পারেন। যে কোনও সৃজনশীল কাজে এই সময় আপনারা উল্লেখযোগ্যতা পেতে চলেছেন। তাই নতুন কোনও সুযোগ পেলে ভয়ে পিছিয়ে আসবেন না। আত্মবিশ্বাস ও সাহসের সঙ্গে এগিয়ে যান। দেখবেন সফলতা আপনারই হবে। নিজের সৃজনশীল দিকের পরিচয় পেয়ে আপনারা নিজেরাই চমকে যাবেন।

কুম্ভ: বুধ রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতেই প্রবেশ করছে এবং রাহুর সঙ্গে সংযোগ স্থাপন করছে। এর ফলে এই রাশির জাতক-জাতিকাদের সুফল লাভ করা অস্বাভাবিক কিছু নয়। এই সময় কুম্ভ রাশির ব্যক্তিদের কর্ম দক্ষতা চোখে পড়ার মতো বৃদ্ধি পাবে। যে কাজে হাত দেবেন, তাতেই সফলতা লাভ করবেন। আপনাদের ব্যক্তিত্বেও সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে। যে কোনও ক্ষেত্রে লোকেরা আপনাদের দিকে আকৃষ্ট হবেন। কোনও ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে না। যে সকল কুম্ভ জাতক-জাতিকা বহু দিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা এই সময় চেষ্টা করে দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন