Footwear Company Stock Surge

জুতো তৈরি ছেড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবসায় ঝাঁপ, মুহূর্তে ৫৮০ শতাংশ বৃদ্ধি পেল পাদুকা সংস্থার স্টকের দর!

জুতো নির্মাণ ছেড়ে এ বার এআই পরিকাঠামো নির্মাণের কথা ঘোষণা করেছে পাদুকাসংস্থা ‘অলবার্ডস’। তার জেরে একলাফে ৫৮০ শতাংশ বৃদ্ধি পেল তাদের শেয়ারের দর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৬:২৬
Share:

—প্রতীকী চিত্র।

ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। আর তাতেই জুতো নির্মাণকারী সংস্থার ‘আঙুল ফুলে কলাগাছ’! লাফিয়ে লাফিয়ে বাড়ছে শেয়ারের দর। সূচকের এ-হেন রকেট গতির জেরে লগ্নিকারীদের মুখের হাসি যে চওড়া হয়েছে, তা বলাই বাহুল্য। যদিও এতে স্টকের বুদবুদ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন আর্থিক বিশ্লেষক থেকে শুরু করে ব্রোকারেজ ফার্মগুলির একাংশ।

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জুতোর ব্র্যান্ডগুলির একটি হল ‘অলবার্ডস’। সান ফ্রান্সিসকোতে রয়েছে তাদের সদর দফতর। সম্প্রতি, কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক ব্যবসায় নামার কথা ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে সংশ্লিষ্ট জুতো নির্মাণকারী সংস্থা। তার পরেই গতির ঝড় তুলে ঊর্ধ্ব মুখে ছুটতে থাকে তাদের শেয়ার।

‘অলবার্ডস’-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, এ বার থেকে ‘এআই কম্পিউটার পরিকাঠামো’র ব্যবসা করবে তারা। শুধু তা-ই নয়, কৃত্রিম মেধার দুনিয়ায় পা জমাতে নিজেদের নাম পাল্টাচ্ছে এই জনপ্রিয় জুতোর ব্র্যান্ড। ফলে আগামী দিনে সকলে তাদের চিনবে ‘নিউবার্ড এআই’ হিসাবে। সেই লক্ষ্যে পাঁচ কোটি ডলারের একটি চুক্তিও সেরে ফেলেছে পাদুকাসংস্থাটি।

Advertisement

‘অলবার্ডস’-এর এই ঘোষণার পরই ৫৮০ শতাংশ বৃদ্ধি পায় তাদের স্টকের দর। ২০২১ সালে মার্কিন শেয়ারবাজারে পা রাখে সংশ্লিষ্ট জুতো নির্মাণকারী সংস্থা। গোড়ার দিকে আমেরিকার তথ্যপ্রযুক্তি কর্মীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায় তাঁদের পণ্য। তবে সাম্প্রতিক বছরগুলিতে তাদের ব্যবসা যে খুব ভাল যাচ্ছে, এমনটা নয়। স্টকের রেকর্ড দাম বৃদ্ধির পরেও সেটা তালিকাভুক্তির তুলনায় ৯০ শতাংশের নীচে রয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, আগামী দিনে উন্নত ‘গ্রাফিক্স প্রসেসিং ইউনিট’ (জিপিইউ) কিনবে নিউবার্ড। এই প্রযুক্তিকে এআইয়ের মূল চালিকাশক্তি বলা যেতে পারে। জুতো নির্মাণকারী সংস্থাটির কর্তাব্যক্তিদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বৃদ্ধি পেলেও বাজারে জিপিইউয়ের বেশ স্বল্পতা রয়েছে। ফলে সংশ্লিষ্ট প্রযুক্তির পরিষেবা দিতে গিয়ে বেশ হিমশিম খাচ্ছে বহু সংস্থা। সেই ফাঁকই পূরণ করে নিজেদের পকেট ভরাতে চাইছে নিউবার্ড।

Advertisement

জিপিইউ দিয়ে শুরু করলেও জুতোর ব্র্যান্ডটির এআই-ভিত্তিক ব্যবসাবৃদ্ধির পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে তাদের কৃত্রিম মেধার জন্য বিশেষ ভাবে নির্মিত গ্রাফিক্স চিপ এবং ক্লাউড পরিষেবা দিতে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংস্থার কর্তাব্যক্তিরা। চলতি বছরের মার্চে ৩.৯০ কোটি ডলারে নিজেদের ব্র্যান্ড বিক্রি করেছে ‘অলবার্ডস’। ফলে এর মালিকানা ফ্যাশন সংস্থা ‘আমেরিকান এক্সচেঞ্জ গ্রুপ’-এর হাতে যেতে চলেছে বলে জানা গিয়েছে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, ‘অলবার্ডস’-এর জুতো কেবলমাত্র যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি কর্মীরা পছন্দ করেছেন, এমনটা নয়। একসময় বিখ্যাত হলিউড পরিচালক-অভিনেতা বেন অ্যাফ্লেকে সংশ্লিষ্ট ব্র্যান্ডটি চুটিয়ে ব্যবহার করতে দেখা গিয়েছে। এ ছাড়া তাদের তৈরি জুতো পরতে পছন্দ করেন নোবেলজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement