আরও এক দফা কমলো পেট্রোল, ডিজেলের দাম
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
বিশ্ব বাজারে তেলের দর এখনও তলানিতে। তাই দেশে ফের পেট্রোল ও ডিজেলের দাম কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ফলে কর যোগ করার পরে মাঝরাত থেকেই কলকাতার বাজারে পেট্রোল লিটারে ৬৭ পয়সা কমে হল ৬৬.৮১ টাকা। আর ডিজেল ১ টাকা ১৫ পয়সা নেমে ৫২.০৮ টাকা। এই নিয়ে চলতি মাসে টানা দু’বার কমানো হল জ্বালানি দু’টির দাম। এ দিন ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, গত ২ এপ্রিল সেগুলির এক দফা দাম কমানোর পরে আরও কিছুটা নেমে গিয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর। পাশাপাশি, ডলারের সাপেক্ষে টাকার দামও খানিকটা বেড়েছে। ফলে এই সব সুবিধা দেশের সাধারণ মানুষের দরজায় পৌঁছে দিতেই তাদের আবার দাম কমানোর এই পদক্ষেপ বলে দাবি আইওসি-র। এর আগে অবশ্য গত ফেব্রুয়ারি ও মার্চে পর পর দু’বার দাম বেড়েছিল পেট্রোল, ডিজেলের।
নিরপেক্ষ নেটের লক্ষ্যে দুই সংস্থা ছাড়ল ফেসবুক-আর কমের প্রকল্প
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
নিরপেক্ষ নেট পরিষেবা (নেট নিউট্রালিটি) নিয়ে চলতে থাকা বিতর্কের মধ্যেই এ বার ফেসবুক এবং রিলায়্যান্স কমিউনিকেশন্সের আনা ‘ইন্টারনেট ডট ওআরজি’ প্রকল্প ছাড়ল দুই সংস্থা। বুধবার অনলাইন পর্যটন পরিষেবা সংস্থা ক্লিয়ারট্রিপ এবং টাইমস গোষ্ঠী জানিয়েছে, নেট নিউট্রালিটি-র পক্ষে থাকার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। মঙ্গলবারও একই কথা জানিয়ে এয়ারটেলের আনা ‘এয়ারটেল জিরো’ প্রকল্পে যোগ না-দেওয়ার কথা জানিয়েছিল ফ্লিপকার্ট। এ দিন অবশ্য ‘ইন্টারনেট ডট ওআরজি’ প্রকল্পটি কোনও ভাবেই নিরপেক্ষ নেট পরিষেবার শর্ত ভাঙছে না বলে পাল্টা দাবি করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। তাঁর কথায়, ‘‘নেট পরিষেবা যাঁদের সরাসরি নাগালে নেই, তাঁরা কিছু পরিষেবা যদি এ ধরনের প্রকল্পের মাধ্যমে পান, তা হলে আখেরে উপকারই হবে।’’ তবে সংশ্লিষ্ট মহলের মতে, জুকেরবার্গের কথায় খুব একটা আমল দিচ্ছেন না নেট নিউট্রালিটির সমর্থকেরা। ২৪ ঘণ্টার মধ্যেই টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের কাছে নেট নিউট্রালিটির সমর্থনে পাঠানো ই-মেলের সংখ্যা এক লাফে ৩ লক্ষ থেকে বেড়ে ৮ লক্ষের কাছাকাছি পৌঁছে যাওয়াই যার প্রমাণ।
প্রতিযোগিতার শর্ত ভাঙায় ইউরোপে অভিযুক্ত গুগ্ল
সংবাদ সংস্থা • ব্রাসেল্স
ইউরোপে একচেটিয়া বাজারের সুযোগ নিয়ে প্রতিযোগিতার নিয়ম ভাঙার দায়ে সরকারি ভাবে অভিযুক্ত হল গুগ্ল। এ নিয়ে ইতিমধ্যেই মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটিকে চার্জশিট পাঠিয়েছে ইউরোপের প্রতিযোগিতা কমিশন। যার উত্তর দেওয়ার জন্য ১০ সপ্তাহ সময় পাবে তারা। অভিযোগ প্রমাণিত হলে বার্ষিক বিক্রির ১০% পর্যন্ত জরিমানা হতে পারে। গুগ্লের অ্যান্ড্রয়েড অপারেটিং প্রযুক্তির বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। সব অভিযোগই অস্বীকার করেছে সংস্থাটি। গুগ্লের বিরুদ্ধে অভিযোগ, গ্রাহক কিছু কিনতে চাইলে সংস্থা নিজেদের পণ্যকেই সার্চ রেজাল্টে আগে দেখায়। এতে প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘিত হয়। পাশাপাশি, অ্যান্ড্রয়েড প্রযুক্তির ক্ষেত্রে গুগ্ল স্মার্ট ফোন নির্মাতাদের বাধ্য করে নিজেদের অ্যাপ ও বিভিন্ন পরিষেবাকে অগ্রাধিকার দিতে।
অ্যালকাটেল-লুসেন্ট নোকিয়ার হাতে
ফরাসি সংস্থা অ্যালকাটেল লুসেন্টকে হাতে নেওয়ার কথা জানাল নোকিয়া। পুরোপুরি শেয়ার হস্তান্তরের মাধ্যমে এই অধিগ্রহণ হবে, যার বাজার মূল্য প্রায় ১,৬৬০ কোটি ডলার। যৌথ উদ্যোগ সংস্থাটি বিশ্বের অন্যতম বৃহৎ টেলিকম যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থায় পরিণত হবে, যা পাল্লা দেবে এরিকসন, হুয়েই-এর মতো সংস্থার সঙ্গে।
গয়নার সম্ভার
ইন্ডিয়ান জেমস অ্যান্ড জুয়েলারি ক্রিয়েশন বাজারে আনল সোনা, হিরে ও প্ল্যাটিনামের নতুন গয়নার সম্ভার। এর মধ্যে রয়েছে আংটি, নেকলেস, পেনডেন্ট, ব্রেসলেট ইত্যাদি। হালকা ওজনের গয়নাগুলির দাম শুরু হয়েছে ২,০০০ টাকা থেকে। তাদের কলকাতা ও দুর্গাপুরের সমস্ত শোরুমে এই গয়নাগুলি পাওয়া যাবে।