—প্রতীকী চিত্র।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের মধ্যেই টানা তিন দিন ভারতের শেয়ার বাজার উঠল। বুধবার সেনসেক্স মাথা তুলেছে ৬৩৩.২৯ পয়েন্ট। তিন দিনে মোট উত্থান ২০০০-এর বেশি (২১৪০)। পৌঁছেছে ৭৬,৭০৪.১৩ অঙ্কে। লগ্নিকারীদের শেয়ার সম্পদ বেড়ে গিয়েছে প্রায় ৯ লক্ষ কোটি টাকা। নিফ্টিও এ দিন আরও ১৯৬.৬৫ বেড়ে ২৩,৭৭৭.৮০-তে দাঁড়িয়েছে। যদিও শেয়ারের স্বস্তি অনেকটাই কেড়ে নিয়েছে আরও দুর্বল হয়ে পড়া টাকা। যা ডলারের সাপেক্ষে নতুন তলানি ছোঁয়ার নজির গড়েছে। এক ডলার ৪৯ পয়সা বেড়ে ৯৩ টাকার আরও কাছে চলে গিয়েছে। হয়েছে ৯২.৮৯ টাকা।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ থামার প্রত্যাশা এবং পড়তি বাজারে কম দামে পছন্দের শেয়ার কেনার সুযোগ সূচককে ঠেলে তুলেছে। তবে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ভারতের বাজারে বিদেশি লগ্নি সংস্থাগুলির শেয়ার বিক্রি দাম কমিয়ে দুর্বল করেছে ভারতীয় মুদ্রাকে।
পটনা আইআইটি-র অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পারমাণিক বলেন, ‘‘ভূ-রাজনৈতিক অস্থিরতা যতদিন চলবে, ততদিন টাকা দুর্বল থাকবে। তবে তাকে আরও নামিয়ে ডলার ৯৫ টাকা ছাড়ানোর আগে রিজ়ার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করবে বলে মনে হয় না।’’ বিশেষজ্ঞ আশীস নন্দীর দাবি, ‘‘ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানির মৃত্যুর খবর আসার পরে বাজারের ধারণা হয়েছে ইরান দুর্বল হয়ে পড়েছে এবং যুদ্ধ শেষের পথে। শেয়ার বাজারে তারই প্রভাব স্পষ্ট।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে