গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
প্রভিডেন্ট ফান্ডের আওতায় থাকা কর্মীদের পেনশন প্রকল্প ‘ইপিএস ১৯৯৫’-এ ন্যূনতম মাসিক পেনশন ১০০০ টাকা থেকে বাড়ানোর বিষয়টি মঙ্গলবার জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। বুধবার একে হাতিয়ার করেই মোদী সরকারের উদ্দেশে তোপ দাগল বিরোধী দল কংগ্রেস। দাবি করল অবিলম্বে সমস্যা মেটানোর জন্য উপযুক্ত পদক্ষেপ। তাদের কটাক্ষ, জিনিসপত্রের দাম এখন যে ভাবে বেড়েছে, সেই প্রেক্ষিতে মাসে হাজার টাকা নিতান্ত উপহাস ছাড়া কিছু নয়।
বিষয়টি নিয়ে বহু দিন ধরেই কর্মী মহলের তোপের মুখে কেন্দ্র। দাবি আদায়ে আন্দোলন চালাচ্ছে পেনশনভোগীদের সংগঠন। ওই পেনশন হাজার টাকা থেকে বাড়িয়ে বর্তমান সময়ের মূল্যবৃদ্ধির নিরিখে ৭৫০০ টাকা করার দাবি তুলেছে তারা। অভিযোগ, বেশ কিছু দিন আগে পেনশন বৃদ্ধির সুপারিশ অছি পরিষদের সায় পেয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ঘরে চলেও গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এ নিয়ে টু শব্দটি করেনি মন্ত্রক। এই প্রেক্ষিতেই সংসদীয় কমিটির সুপারিশের পরে নতুন করে বিষয়টি নিয়ে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। এ বার অন্তত মোদী সরকার নড়েচড়ে বসবে কি না, সেটাই এখন প্রশ্ন সংশ্লিষ্ট মহলের।
এ দিন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ কেন্দ্রকে বিঁধে বলেন, ‘‘মোদী সরকারের ১২ বছরের জমানায় বহু সামাজিক সুরক্ষা প্রকল্প ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে কিংবা ইচ্ছাকৃত ভাবে সেগুলিকে অগ্রাহ্য করা হয়েছে। এমনকি মূল্যবৃদ্ধির মাথা তোলা সত্ত্বেও পেনশনের মতো অন্যতম জরুরি প্রয়োজনকে অপরিবর্তিত রেখে দেওয়া হয়েছে দীর্ঘ সময় ধরে। রমেশের কথায়, ‘‘এটা সরাসরি প্রবীণ এবং আর্থিক ভাবে দুর্বল পেনশনভোগীদের উপর প্রভাব ফেলেছে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে