GOOGLE

ভারতকে দরাজ সার্টিফিকেট পিচাইয়ের, গুগ্‌ল-প্রধান দিলেন বিপুল লগ্নির ইঙ্গিত

বৈঠকের পরে পিচাই-এর দাবি, এআই-এ ভারত ‘অভূতপূর্ব পথে’ এগোচ্ছে। ভারত-আমেরিকার মধ্যে নতুন কেব্‌ল-রুটের কথাও ঘোষণা করেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৮
Share:

সুন্দর পিচাইয়ের সঙ্গে নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

ভারত সফরে এসে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) এ দেশের সম্ভাবনা নিয়ে দরাজ গলায় প্রশংসা করলেন গুগ্‌লের সিইও সুন্দর পিচাই। সেই সঙ্গে দিলেন লগ্নির প্রতিশ্রুতিও। তবে তার পরিমাণ বা দিনক্ষণ সংক্রান্ত কিছু জানাননি। সংশ্লিষ্ট মহলের মতে, বৃহস্পতিবার নয়াদিল্লিতে এআই শীর্ষ সম্মেলনের মঞ্চে এই ক্ষেত্রে পুঁজি ঢালার ঘোষণা করতে পারেন গুগ্‌ল কর্তা। যদি তা না হয়, তাতেও ভারতের বাজার সম্পর্কে পিচাইয়ের আগ্রহ চাপা পড়ার নয়। যে আগ্রহ থেকে বুধবার এ দেশে পা রেখেই সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরে মোদী জানান, গুগ্‌ল সিইও-র সঙ্গে এআই এবং ভারতে তার ব্যবহার নিয়ে কথা হয়েছে। সংস্থাটি কী করে এই ক্ষেত্রে পড়ুয়া এবং পেশাদারদের প্রশিক্ষণ দিতে পারে, আলোচনা হয়েছে সেই ব্যাপারেও।

বৈঠকের পরে পিচাই-এর দাবি, এআই-এ ভারত ‘অভূতপূর্ব পথে’ এগোচ্ছে। ভারত-আমেরিকার মধ্যে নতুন কেব্‌ল-রুটের কথাও ঘোষণা করেন তিনি। যা সমুদ্রের তলা দিয়ে যাবে। জানান, ২.১ কোটি সরকারি আধিকারিক এবং ১.১ কোটি পড়ুয়াকে এআইয়ের প্রশিক্ষণ দেবে গুগ্‌ল। উল্লেখ্য, ভারতের সঙ্গে এআই সংক্রান্ত বিষয়ে যৌথ ভাবে কাজ করছে গুগ্‌ল। এ দিন বিশাখাপত্তনমে ১৫০০ কোটি ডলার লগ্নিতে তৈরি হতে চলা ডেটা সেন্টারের কথাও জানান পিচাই।

এ দিন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও এআই-এ ভারতের সাফল্যের বার্তা দিয়েছেন। বলেছেন, ‘‘এই প্রযুক্তি নিয়ে ভারত আশাবাদী ও বিশ্বাসী। ইতিবাচক পদক্ষেপ করেছে। পশ্চিমের দেশগুলি বরং অনেক বেশি শঙ্কিত এবং এর প্রভাব নিয়ে উদ্বিগ্ন।’’

অন্য দিকে, আমেরিকার সংস্থা এনভিডিয়ার সঙ্গে এ দিন গাঁটছড়া বেঁধেছে ভারতের ডিজিটাল পেমেন্ট নিয়ন্ত্রক এনপিসিআই এবং অগ্রণী সংস্থা এলঅ্যান্ডটি। বিশ্ব জুড়ে আর্থিক লেনদেনে অংশ নিতে এনপিসিআই এ বার এনভিডিয়ার এআই-সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করবে। লক্ষ্য, সর্বত্র আরও সুরক্ষিত এবং দ্রুত আর্থিক লেনদেন চালানো। এলঅ্যান্ডটি দেশে এমন একটি ব্যবস্থা তৈরি করবে, যার হাত ধরে এআই সংক্রান্ত পরিকাঠামো হবে আরও পোক্ত। প্রযুক্তিবিদেরা তা ব্যবহার করতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন