ICC T20 World Cup 2026

শেষ সাত ম্যাচে পাঁচ শূন্য, তবু টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার থাকলেন অভিষেকই! প্রথম দশে ঢুকলেন ঈশান

টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটারের স্থান ধরে রাখলেন অভিষেক শর্মা। শেষ সাত ম্যাচে পাঁচটি শূন্য করলেও তার কোনও প্রভাব পড়ল না আইসিসি-র র‌্যাঙ্কিংয়ে। সাম্প্রতিক তালিকা অনুযায়ী, প্রথম দশে ঢুকে পড়েছেন ঈশান কিশনও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৫
Share:

অভিষেক শর্মা। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটারের স্থান ধরে রাখলেন অভিষেক শর্মা। শেষ সাত ম্যাচে পাঁচটি শূন্য করার কোনও প্রভাব পড়েনি তাঁর র‌্যাঙ্কিংয়ে। আইসিসি-র প্রকাশিত সাম্প্রতিক তালিকা অনুযায়ী, প্রথম দশে ঢুকে পড়েছেন ঈশান কিশনও।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচেও রান পাননি অভিষেক। আমেরিকার বিরুদ্ধে প্রথম বলে আউট হন। নামিবিয়া ম্যাচে পেটের সমস্যায় খেলতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে শূন্য করেন। বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধেও কোনও রান করতে পারেননি। প্রস্তুতি ম্যাচেও শূন্য করেছিলেন। খারাপ ফর্ম সত্ত্বেও তাঁকে এক নম্বর জায়গা থেকে সরানো যায়নি।

ঈশান উঠে এসেছেন ১৭ ধাপ। তিনি এখন আটে। বিশ্বকাপে টানা দু’টি অর্ধশতরান করার পুরস্কার পেয়েছেন ঈশান। এর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন।

Advertisement

শতরান করে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার কারিগর, শ্রীলঙ্কার পাথুম নিসঙ্ক তিন ধাপ উঠে এসে তিন নম্বরে রয়েছেন। ইংল্যান্ডের ফিল সল্ট রয়েছেন দু’নম্বরে। প্রথম দশে থাকা বাকি দুই ভারতীয় হলেন তিলক বর্মা (৪) এবং সূর্যকুমার যাদব (৬)।

টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার হিসাবে এক নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের সাইম আয়ুব। তিনি টপকে গিয়েছেন জ়িম্বাবোয়ের সিকান্দার রাজ়াকে। নেপালের দীপেন্দ্র সিংহ ঐরী এবং আফগানিস্তানের আজ়মাতুল্লাহ ওমরজ়াই যুগ্ম ভাবে চতুর্থ স্থানে রয়েছেন।

বোলারদের মধ্যে, রশিদ খান উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তিনি ভারতের বরুণ চক্রবর্তীর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন। জ়িম্বাবোয়ের ব্র্যাড ইভান্স ১০ ধাপ উঠে পঞ্চম স্থানে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement