Vitamin D in Summer

বাইরে কাঠফাটা রোদ! এ দিকে ভিটামিন ডি-র ঘাটতি শরীরে, কোন কৌশলে পুষ্টি বাড়াবেন?

ভিটামিন ডি-র মূল উৎস সূর্যালোক, অথচ এই গ্রীষ্মে তার থেকেই দূরে পালাতে হচ্ছে। তা হলে ঠিক কোন সময়ে রোদে দাঁড়ালে সবচেয়ে ভাল ভাবে ভিটামিন ডি পাওয়া যেতে পারে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৪:৪৪
Share:

ভিটামিন ডি পেতে কোন সময়ে রোদে বেরোতে পারেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

চাঁদিফাটা রোদে নাজেহাল অবস্থা দেশের অধিকাংশ এলাকায়। বাইরে বেরোলে অসুস্থ হওয়ার ঝুঁকি। ফলে বাড়িতে, যাতায়াতের সময়ে, অফিসে যথাসম্ভব রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। অথচ ভিটামিন ডি-র মূল উৎস সেই সূর্যালোকই, যার থেকে দূরে পালাতে হচ্ছে। তা হলে ভিটামিন ডি পাবেন কী ভাবে?

Advertisement

ভিটামিন ডি মূলত একটি প্রো-হরমোন, যা মজবুত ও সুস্থ হাড়ের জন্য ক্যালশিয়াম ও ফসফরাস শোষণ করতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেশির কার্যকারিতা ঠিক রাখে এবং মানসিক স্বাস্থ্য ভাল রাখে। সামগ্রিক স্বাস্থ্যের জন্য এই ভিটামিন অপরিহার্য। তাই এই ভিটামিন না হলেই নয়। প্রশ্ন উঠছে, গরমকালে তা হলে ঠিক কোন সময়ে রোদে দাঁড়ালে সবচেয়ে ভাল ভাবে ভিটামিন ডি পাওয়া যেতে পারে?

কখন রোদে দাঁড়ালে ভিটামিন ডি পাবেন? ছবি: সংগৃহীত

চর্মরোগ চিকিৎসক অভীক শীলের মতে, খুব নরম রোদ আর দুপুরের তীব্র রোদের মধ্যে একটি ভারসাম্য খুঁজে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ, ভিটামিন ডি তৈরির জন্য শরীরে প্রয়োজন অতিবেগনি বি (ইউভি বি) রশ্মি, যা সাধারণত একটু বেলা গড়ানোর পরে বেশি সক্রিয় হয়। চিকিৎসক বলছেন, ‘‘সোলার জ়েনিথ অ্যাঙ্গলের কারণে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায় না সকালে। এ ছাড়াও, বায়ুদূষণে ইউভি বি-র বিচ্ছুরণ বাধাপ্রাপ্ত হয়। ও দিকে সানস্ক্রিন প্রায় ৯৫-৯৮ শতাংশ ইউভিবি রশ্মি শোষণ করে। অবশিষ্ট অংশটুকু শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি করার জন্য যথেষ্ট।’’ কিন্তু বেলার দিকে সূর্যালোকের সংস্পর্শে বেশি ক্ষণ থাকলে তা উল্টে ক্ষতি করতে পারে এখন। হিটস্ট্রোক বা জলশূন্যতার সমস্যা দেখা দিতে পারে।

Advertisement

মেডিসিনের চিকিৎসক পুষ্পিতা মণ্ডল জানাচ্ছেন, গরমের সময়ে সাধারণত সকাল ৭টা থেকে ৯টার মধ্যে কিছু ক্ষণ রোদে থাকা তুলনায় নিরাপদ হতে পারে। এই সময়ে সূর্যের আলো যথেষ্ট শক্তিশালী থাকে ভিটামিন ডি তৈরির জন্য, আবার চরম তাপও থাকে না তাতে। তাঁর কথায়, ‘‘যে রোগীদের শরীরে ভিটামিন ডি-র মাত্রা খুব কম, তাঁরা কেবল সূর্যালোকের উপর ভরসা না রাখলেই ভাল। বিভিন্ন খাবার খেতে হবে, যা থেকে ভিটামিন ডি পাওয়া যাবে। তা ছাড়া রক্তপরীক্ষা করে ভিটামিন ডি-র মাত্রা জেনে নিয়ে প্রয়োজনে সাপ্লিমেন্ট খেতে হবে।’’

কোন কোন খাবার খেলে উপকৃত হবেন? ছবি: সংগৃহীত

চর্মরোগ চিকিৎসকের মতে, গায়ের রং গাঢ় হলে ৩০-৪৫ মিনিট রোদে থাকা উচিত, গায়ের রং হালকা হলে ১৫-২০ মিনিট বাইরে থাকলেই হবে। সবার জন্য সময়সীমা এক নয় বলেও জানাচ্ছেন চিকিৎসকেরা। ত্বকের রং, বয়স, কোথায় থাকেন এবং কতটা রোদ পাচ্ছেন— এই সব কিছুর উপর নির্ভর করে শরীর কত দ্রুত ভিটামিন ডি তৈরি করবে। তবে সাধারণত, ১১টা থেকে ৪টের মধ্যে বাইরে না বেরোনোই ভাল।

সূর্যালোক ছাড়া কিছু খাবার থেকেও ভিটামিন ডি পাওয়া যেতে পারে। যেমন— ডিমের কুসুম, চর্বিযুক্ত মাছ, ফর্টিফায়েড দুধ, ফর্টিফায়েড দানাশস্য, কড লিভার অয়েল, মাশরুম ইত্যাদি। তবে পেশাদারদের মতে, শুধু খাবার থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া অনেক সময়ে কঠিন হতে পারে। তাই প্রয়োজনে পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্টও দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement