IPL 2026

‘হার্দিককে সব সুযোগ দেওয়া হয়েছে’, অধিনায়ককে নিয়ে অসন্তোষ মুম্বই শিবিরে, পরের মরসুমের আগেই বদলের সম্ভাবনা

এ বারের আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৪টি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ন’নম্বরে শেষ করেছে তারা। প্রশ্ন তৈরি হয়েছে অধিনায়ক এবং ক্রিকেটার হার্দিক পাণ্ড্যের ভবিষ্যৎ নিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৪:৩২
Share:

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক পাণ্ড্যের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হল। ব্যাটিং কোচ কায়রন পোলার্ডের মন্তব্যে তৈরি হয়েছে জল্পনা। রবিবার রাজস্থান রয়্যালস ম্যাচের পর তিনি জানিয়েছেন, হার্দিকের নেতৃত্বে সন্তুষ্ট নন তাঁরা।

Advertisement

আইপিএলে দলের পারফরম্যন্সে হতাশ মুম্বই কর্তৃপক্ষ। ক্রিকেটার এবং অধিনায়ক হার্দিক নিয়েও খুশি নন তাঁরা। সমস্যাগুলিকে চিহ্নিত করতে বৈঠকে বসবেন তাঁরা। রবিবার আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচের পোলার্ড বলেছেন, ‘‘অধিনায়ক হিসাবে হার্দিককে নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। ব্যক্তিগত ভাবে ও যতটা আশা করেছিল, ততটা ভাল হয়তো হয়নি। সাপোর্ট স্টাফ হিসাবে আমরা যেমন চেয়েছিলাম, তেমনও হয়নি। তবে একটা বিষয় পরিষ্কার। দলের ভাল ফলের জন্য আমরা সব চেষ্টা করেছি। সব রকম ভাবে চেষ্টা করেছি। আমাদের দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যে যে সুযোগ সুবিধা দরকার, সব রকম দিয়েছি। কাউকে ব্যক্তিগত ভাবে দোষারোপ করার ব্যাপার নয়। নির্দিষ্ট কারও দিকে আঙুল তোলাও ঠিক নয়। সাফল্য না এলে সব কিছুই খতিয়ে দেখতে হয়। পর্যালোচনা করতে হয়। খেলায় কখনও আপনি জিতবেন। আবার কখনও হারবেন। এটাই স্বাভাবিক।’’

এমন ব্যর্থতার পর আপনারা কোনও পরিবর্তনের কথা কি ভাবছেন? পোলার্ড বলেছেন, ‘‘দেখুন কিছু প্রশ্ন তো উঠবেই। আমারও কিছু প্রশ্ন রয়েছে। হার্দিক অধিনায়ক হিসাবে চেষ্টা করেছে। আমরা শিবিরের সকলে চেষ্টা করেছি। কিন্তু কোনও কিছুই এ বার আমাদের পক্ষে আসেনি। আমাদের বসে আলোচনা করতে হবে। দলের জন্য সবচেয়ে ভাল জিনিসগুলোকে নির্ধারণ করতে হবে। কী হবে এখনই কারও পক্ষে বলা সম্ভব নয়। আমাদের দুর্বলতাগুলো ঠিক করে শক্তিশালী ভাবে ফিরে আসতে হবে। হাতে ১২ মাস সময় রয়েছে। দেখা যাক।’’

Advertisement

পোলার্ড বুঝিয়ে দিয়েছেন, অধিনায়ক হার্দিককে নিয়ে শিবিরে সমস্যা রয়েছে। তাঁর দল পরিচালনার পদ্ধতি, সতীর্থদের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন রয়েছে। ক্রিকেটার হার্দিকের পারফরম্যান্সও সন্তোষজনক নয়। দলের ভবিষ্যতের জন্য যে সিদ্ধান্ত সবচেয়ে ভাল মনে হবে, সেটাই নেওয়া হবে। এ বারের আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৪টি জিতেছে মুম্বই। নেট রান রেট ভাল থাকার সুবাদে লখনউ সুপার জায়ান্টসের আগে নবম স্থানে শেষ করেছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নেরা। উল্লেখ্য, ২০২০ সালের পর ফাইনালে উঠতে পারেনি মুম্বই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement