ICC T20 World Cup 2026

অভিষেকের খারাপ ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন, তবে ‘দায়িত্বের’ কথা মনে করালেন সূর্য, সকলের কাছ থেকে অবদান চান ভারতের অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই অভিষেক শর্মা। যে তিনটি ম্যাচ খেলেছেন সব ক’টিতেই শূন্য রানে আউট হয়েছেন। ওপেনারের ফর্ম নিয়ে বিশেষ চিন্তিত না হলেও দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন সূর্যকুমার যাদব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১১
Share:

সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই অভিষেক শর্মা। যে তিনটি ম্যাচ খেলেছেন সব ক’টিতেই শূন্য রানে আউট হয়েছেন। ওপেনারের ফর্ম নিয়ে বিশেষ চিন্তিত না হলেও দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন সূর্যকুমার যাদব। তিনি জানিয়েছেন, দলের জয়ে তিনি সকলের থেকে অবদান চান।

Advertisement

নেদারল্যান্ডসকে হারানোর পর সঞ্চালক রবি শাস্ত্রী প্রশ্ন করেন শুরুর দিকে উইকেট হারানো নিয়ে। এ দিন অভিষেক ফেরার পর ঈশানও বেশি ক্ষণ ক্রিজ়ে টিকতে পারেননি। সূর্য বলেন, “হয়তো পরের ম্যাচগুলোতেও এমন পরিস্থিতির মুখে পড়তে হবে। তবে ব্যাটারদের বোঝা দরকার যে কী ভাবে দায়িত্ব নিতে খেলতে হয়। আমি আর তিলকও সময় বিশেষে ধরে খেলিনি। জানি যে, পরের দিকে চালিয়ে খেলার ব্যাটার রয়েছে।”

এ দিন শিবম দুবের ব্যাটে ভারতের রান ১৯০ পেরিয়ে যায়। ৬৬ রানের ওই ইনিংস না থাকলে চাপ হত ভারতের। সতীর্থকে নিয়ে সূর্য বলেন, “বিশাখাপত্তনমে (নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও খুব ভাল খেলেছিল। সে দিনও চেয়েছিল ম্যাচের সেরার পুরস্কার পেতে চেয়েছিল। কিন্তু আজ যে ভাবে দলকে ১৯০-এ নিয়ে গেল তা অসাধারণ।”

Advertisement

সূর্য মনে করেন, বিশ্বকাপে যা যা করার দরকার ছিল প্রায় সবই তাঁরা করে ফেলেছেন। তবু তাঁর মতে, “জিতলেও সেই ম্যাচ থেকে অনেক কিছু শেখার থাকে। আজকের ম্যাচ থেকেও আমরা শিখলাম অনেক কিছু।”

এই মুহূর্তে ভারতের হাতে বোলারের অভাব নেই। সেই প্রসঙ্গে সূর্য বলেছেন, “এই মাথাব্যথা থাকা বেশ ভাল। হাতে অনেক বিকল্প থাকে। যে কোনও দিন, পিচ অনুযায়ী ওরা দলকে সাহায্য করতে পারে। যে ভাবে সব এগোচ্ছে তাতে আমি খুশি। প্রায় সব ব্যাটারই অবদান রাখছে। দু’-একজনের কাছে দিনটা ভাল যাচ্ছে। কিন্তু আমরা সকলের থেকে অবদান চাই।”

ম্যাচের সেরা ক্রিকেটার শিবম মেনে নিয়েছেন, এই পিচে ব্যাট করা কঠিন ছিল। তাঁর কথায়, “এ ধরনের পরিস্থিতিতেই ব্যাট করতে পছন্দ করি। বেশ উপভোগও করেছি। মাঝেসাঝে একটু চাপেও পড়েছি। ওদের অফস্পিনার চারটে ডট বল করেছিল। তবে এটা জানতাম পরের দিকে রান তুলে ফেলতে পারব।”

শিবমের সংযোজন, “আমাকে বড় শট খেলার ব্যাপারে আরও উন্নতি করতে হবে। অধিনায়ক এবং কোচ আমায় বলেছিলেন স্ট্রাইক রেট বেশি রাখতে। আজ শুরুতে সেটা পারিনি। এ বার সেটা নিয়ে কাজ করতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement