NPS Scheme

বেড়েই চলেছে চিকিৎসার খরচ, এ বার এনপিএসের মাধ্যমে স্বাস্থ্য বিমার উদ্যোগ

নিয়ন্ত্রকের উদ্দেশ্য, অবসরকালীন পেনশনের পাশাপাশি, একই প্রকল্পে চিকিৎসার সুবিধা দেওয়া।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৯:৪৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দেশে চিকিৎসার খরচ বাড়ছে বছরে ১২-১৪ শতাংশ হারে। চড়ছে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামও। এই পরিস্থিতিতে জাতীয় পেনশন প্রকল্পের (এনপিএস) মাধ্যমে আরও বেশি মানুষকে বিমার সুরক্ষা দিতে উদ্যোগী হয়েছে পেনশন তহবিলের নিয়ন্ত্রক পিএফআরডিএ। তার অঙ্গ হিসেবে অতীতে প্রথম দফার পরীক্ষা হয়ে গিয়েছে। এ বার দ্বিতীয় দফায় পরীক্ষামূলক ভাবে চালু হল এনপিএস মারফত স্বাস্থ্য বিমার সুবিধা। নিয়ন্ত্রক সূত্রের দাবি, ‘এনপিএস স্বাস্থ্য’ নামের ওই প্রকল্পটি এখন তিন মাসের জন্য আনা হয়েছে। আপাতত এনপিএস-এরই নির্দিষ্ট কিছু গ্রাহককে তাতে শামিল করা হচ্ছে। প্রকল্পটির ফাঁকফোঁকর চিহ্নিত করার পরে সেগুলি মেরামত করা হবে। তার পরে দেশ জুড়ে সকলের জন্য তা চালুর পরিকল্পনা পিএফআরডিএ-র।

নিয়ন্ত্রকের উদ্দেশ্য, অবসরকালীন পেনশনের পাশাপাশি, একই প্রকল্পে চিকিৎসার সুবিধা দেওয়া। এতে নাম লেখালে এনপিএস গ্রাহকেরা তাঁদের পেনশন তহবিলে জমা টাকার ২৫% পর্যন্ত চিকিৎসার জন্য তুলতে পারবেন। এখন অবসর গ্রহণ অথবা মাঝপথে প্রকল্প বন্ধ করার আগে এনপিএস-এর তহবিল থেকে সাধরণ ভাবে কোনও টাকা তোলা যায় না।

পিএফআরডিএ জানিয়েছে, প্রকল্পটি পরিচালনার দায়িত্বে রয়েছে একাধিক সংস্থা। যেমন, ডিজিটাল ব্যবস্থায় পরিচালনার জন্য প্রযুক্তিগত পরিকাঠামো গড়বে মেডি অ্যাসিস্ট হেলথকেয়ার। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে এই সুবিধা দিতে অ্যাপ তৈরি করেছে তারা। গ্রাহক সংগ্রহ এবং তাঁদের কেওয়াইসি-র কাজ দেখবে ক্যামস কেআরএ। প্রকল্পের পেনশন ফান্ড ম্যানেজার টাটা পেনশন ফান্ড এবং অ্যাক্সিস পেনশন ফান্ড। এনপিএস স্বাস্থ্যের গ্রাহকেরা অতিরিক্ত বিমার সুবিধা (টপ আপ) চাইলে, তা দেবে আদিত্য বিড়লা হেলথ ইনশিয়োরেন্স। বিমার টাকা মেটানোর দায়িত্বে মেডি অ্যাসিস্ট টিপিএ।

এনপিএস অছি পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অতনু সেন বলেন, “এনপিএস মূলত একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। এতদিন অবসরের পরে পেনশনের ব্যবস্থা করত। এ বার গ্রাহকদের চিকিৎসার মতো জরুরি বিষয়টিও দেখবে। চিকিৎসার খরচ যে ভাবে বাড়ছে, তাতে এনপিএস স্বাস্থ্য বিমা বহু গ্রাহকের উপকার করতে পারে।” জীবন বিমা নিগমের প্রাক্তন আঞ্চলিক বিপণন অধিকর্তা অরূপ দাশগুপ্তর মতে, ‘‘দেশে এমন প্রকল্প এই প্রথম। বয়স্ক মানুষের পেনশন এবং চিকিৎসার মতো দুই গুরুত্বপূর্ণ প্রয়োজনে পাশে থাকার জন্য একটি প্রকল্পেই দু’টিকে জোড়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন