India-US

থমকে গিয়েছিল বৈঠক, বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করতে ফের আমেরিকায় ভারতের প্রতিনিধিদল

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ফেব্রুয়ারির শেষ থেকে ইরানের সঙ্গে আমেরিকা-ইজ়রায়েলের যুদ্ধ শুরু হয়েছে। ফলে আমেরিকার চড়া শুল্কে এক বার ধাক্কা খাওয়ার পরে ফের ভারতের বাণিজ্য ঝুঁকির মুখে। বুধবারই রফতানি কমার পরিসংখ্যান হাতে এসেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৮:৫১
Share:

— প্রতীকী চিত্র।

বাণিজ্য চুক্তির কাঠামো তৈরির ক্ষেত্রে সমঝোতায় পৌঁছনোর কথা ঘোষণা হয়েছিল ফেব্রুয়ারিতেই। ৫০% থেকে ভারতীয় পণ্যে শুল্ক কমিয়ে ১৮% করতে রাজি হয়েছিল আমেরিকা। ঠিক ছিল সেটির আইনি দিকগুলি নিয়ে কথা হবে ওয়াশিংটনে। কিন্তু তার পরেই আমেরিকার সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ককে ‘বেআইনি’ তকমা দেওয়ায় থমকে যায় সেই বৈঠক। খারিজ হয়ে যায় মার্চে চুক্তি সইয়ের সম্ভাবনাও। বিশেষত যখন তার পরেই ভারতের বিরুদ্ধে একাধিক তদন্তে নামে আমেরিকা। বুধবার সরকারি সূত্রের খবর, ফের সেই আলোচনা শুরু হতে চলেছে। সে জন্য পরের সপ্তাহেই ট্রাম্পের দেশে যেতে পারেন ভারতের বাণিজ্য প্রতিনিধি দল। পাশাপাশি, ট্রাম্প প্রশাসনের তদন্ত খারিজ করারও দাবি জানিয়েছে নয়াদিল্লি। তাদের বক্তব্য, এ দেশের নীতির ফলে আমেরিকার উৎপাদন ধাক্কা খাওয়ার অভিযোগের স্বপক্ষে প্রমাণ মেলেনি। তদন্তের নথিতেও নির্দিষ্ট অভিযোগের প্রসঙ্গ নেই।

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ফেব্রুয়ারির শেষ থেকে ইরানের সঙ্গে আমেরিকা-ইজ়রায়েলের যুদ্ধ শুরু হয়েছে। ফলে আমেরিকার চড়া শুল্কে এক বার ধাক্কা খাওয়ার পরে ফের ভারতের বাণিজ্য ঝুঁকির মুখে। বুধবারই রফতানি কমার পরিসংখ্যান হাতে এসেছে। এই প্রেক্ষিতে সরকারি মহল বাণিজ্যকে টেনে তুলতে আমেরিকার সঙ্গে চুক্তি বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছে।

আজই আবার কেন্দ্রের পরিসংখ্যান জানিয়েছে, ২০২৪-২৫ সাল পর্যন্ত টানা চার বছর ভারতের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী থাকার পরে গত অর্থবর্ষে (২০২৫-২৬) চিনের কাছে সেই তকমা হারিয়েছে আমেরিকা। তবে পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে তেল-গ্যাস আমদানিতে ধাক্কার মোকাবিলায় ট্রাম্পের দেশ থেকে সেগুলি কেনা বাড়িয়েছে ভারত। সব মিলিয়ে আমেরিকায় গত বছর রফতানি বেড়েছে ০.৯২%। আমদানি মাথা তুলেছে ১৫.৯৫%।

এই অবস্থায় পরের সপ্তাহে সত্যিই বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক হলে পরিবর্তিত ভূ-রাজনৈতিক ও আর্থিক পরিস্থিতিতে তার গুরুত্ব অপরিসীম বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন